
এভারকেয়ার হাসপাতালে শুক্রবার (১৩ মার্চ) বিকেলে গুরুতর অসুস্থ বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসের মস্তিষ্কের সফল অস্ত্রোপচার সম্পন্ন করেছেন চিকিৎসকরা। অস্ত্রোপচারের পর তাকে হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছে।
অস্ত্রোপচারের দিনই জুমার নামাজের পর প্রধানমন্ত্রী তারেক রহমান হাসপাতালে গিয়ে মির্জা আব্বাসের শারীরিক অবস্থা খোঁজ নেন। তিনি কিছু সময় শয্যাপাশে বসে পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং চিকিৎসা সংক্রান্ত জরুরি ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।
হাসপাতালের সূত্রে জানা গেছে, অস্ত্রোপচারের পর তার শারীরিক অবস্থার উন্নতি লক্ষ্য করা গেলেও চিকিৎসকরা এখনও নিবিড় পর্যবেক্ষণে রেখেছেন। শারীরিক অবস্থা কিছুটা স্থিতিশীল হলে, মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার উদ্যোগ নেওয়া হতে পারে। পরিবারের পরিকল্পনা অনুযায়ী মেডিকেল বোর্ডের অনুমতি সাপেক্ষে সিঙ্গাপুরে স্থানান্তরের প্রক্রিয়া শুরু হবে।
বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম সাংবাদিকদের জানিয়েছেন, বিশেষজ্ঞ চিকিৎসকদের গঠিত মেডিকেল বোর্ড সব তথ্য পর্যালোচনা করে অস্ত্রোপচারের সিদ্ধান্ত নিয়েছে। তিনি বলেন, ‘শুক্রবার সকালে মির্জা আব্বাসের সিটিস্ক্যান করা হয়েছিল। রিপোর্টে অবস্থার অবনতি দেখা দিলে ভার্চুয়াল মেডিকেল বোর্ড বসে এবং অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেয়া হয়। পরিবারের সদস্যদের সম্মতিও নেয়া হয়েছে।’
মির্জা আব্বাস গত ১১ মার্চ ইফতারের সময় অসুস্থ হয়ে হঠাৎ জ্ঞান হারান এবং পরে তাকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। তার পরিবার দেশের সকলের কাছে তার দ্রুত আরোগ্যের জন্য দোয়া চেয়েছেন।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, চিকিৎসকদের পরামর্শে তাকে সিঙ্গাপুরের ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য নেওয়ার পরিকল্পনা করা হয়েছিল। তবে শেষ পর্যন্ত বিদেশে স্থানান্তর হয়নি। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী ভবিষ্যতে এই সিদ্ধান্ত পরিবর্তনের সম্ভাবনা রয়েছে।