
ঈদ উপলক্ষে ঘরমুখী মানুষের নৌপথে যাত্রা নিরাপদ ও স্বস্তিদায়ক করতে নতুন সিদ্ধান্ত নিয়েছে নৌপরিবহন মন্ত্রণালয়।
সিদ্ধান্ত অনুযায়ী ১৭ মার্চ থেকে যাত্রীসেবায় বিশেষ ব্যবস্থার অংশ হিসেবে শিমুলিয়া ট্যুরিস্ট ঘাট এবং ঢাকার বসিলা লঞ্চঘাট থেকে নির্ধারিত বিভিন্ন রুটে লঞ্চ ও স্টিমার সার্ভিস চালু থাকবে।
নৌপরিবহন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা কাজী আরিফ বিল্লাহ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, এ ব্যবস্থার আওতায় কাঞ্চন ব্রিজ সংলগ্ন শিমুলিয়া ট্যুরিস্ট ঘাট থেকে শিমুলিয়া-ডেমরা-নারায়ণগঞ্জ-চাঁদপুর-কালিগঞ্জ-হিজলা-বরিশাল নৌরুটে নৌযান চলাচলের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এ ছাড়া ঢাকাস্থ বসিলা ব্রিজ সংলগ্ন বসিলা লঞ্চঘাট থেকে বসিলা-সদরঘাট-মুন্সিগঞ্জ-চাঁদপুর-ঈদগা ফেরিঘাট, শরীয়তপুর-ইলিশা-হাকিমুদ্দিন-গলাচিপা নৌরুটে যাত্রী পরিবহনের ব্যবস্থা করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে নৌপথে চলাচলকারী যাত্রীগণকে কোনো জরুরি প্রয়োজনে ও সেবা-সংক্রান্ত বিষয়ে বিআইডব্লিউটিএর হটলাইন নম্বর ১৬১১৩ নম্বরে যোগাযোগ করতে অনুরোধ করা হচ্ছে।