
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনকে কেন্দ্র করে রাজধানীর সংসদ ভবন এলাকা ও আশপাশের গুরুত্বপূর্ণ সড়কে বিশেষ ট্রাফিক ব্যবস্থা গ্রহণ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। আজ বৃহস্পতিবার (১২ মার্চ) এই ব্যবস্থাপনা কার্যকর থাকবে।
গতকাল বুধবার (১১ মার্চ) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, জাতীয় সংসদের অধিবেশন উপলক্ষে সংসদ ভবনে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, সংসদ সদস্য, বিদেশি কূটনীতিক, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা এবং অন্যান্য গণ্যমান্য ব্যক্তিদের যাতায়াত থাকবে। এ কারণে উড়োজাহাজ মোড়, খেজুর বাগান, মানিক মিয়া এভিনিউ, আসাদগেট এবং জুলাই স্মৃতি জাদুঘর (গণভবন) ক্রসিং এলাকায় স্বাভাবিক সময়ের তুলনায় বেশি যানবাহন চলাচলের সম্ভাবনা রয়েছে।
এই পরিস্থিতিতে যানজট কমাতে ট্রাফিক বিভাগ সকাল ৮টা থেকে ১১টা পর্যন্ত কয়েকটি সড়কে যানবাহন চলাচলে ডাইভারশন কার্যকর করবে।
ইন্দিরা রোড–বেগম রোকেয়া সরণি:
ইন্দিরা রোড থেকে উড়োজাহাজ মোড় হয়ে বেগম রোকেয়া সরণির দিকে যাওয়া যানবাহন ডানে মোড় নিতে পারবে না। এসব যানবাহনকে সোজা মানিক মিয়া এভিনিউ হয়ে মিরপুর রোড ব্যবহার করে গন্তব্যে যেতে হবে।
মানিক মিয়া এভিনিউ–বেগম রোকেয়া সরণি:
মানিক মিয়া এভিনিউ থেকে খেজুর বাগান হয়ে বেগম রোকেয়া সরণির দিকে যেতে চাওয়া যানবাহনগুলোকে বাঁ দিকে মোড় না নিয়ে ফার্মগেট হয়ে বিকল্প পথে গন্তব্যে যেতে হবে।
এ ছাড়া উড়োজাহাজ মোড় থেকে খেজুরবাগান পর্যন্ত সড়কের উভয় পাশে দক্ষিণমুখী একমুখী যান চলাচল চালু থাকবে।
ঢাকা মেট্রোপলিটন পুলিশ নগরবাসীর কাছে অনুরোধ জানিয়েছে, যানজট এড়াতে নির্ধারিত সময়ের মধ্যে এসব নির্দেশনা মেনে চলতে এবং ট্রাফিক ব্যবস্থাপনায় সহযোগিতা করতে।