
ইরান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চলমান সংঘাতের প্রভাবে মধ্যপ্রাচ্যগামী সব ফ্লাইট ৮ মার্চ পর্যন্ত স্থগিত করেছে রাষ্ট্রীয় সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। আকাশপথে নিরাপত্তা ঝুঁকি তৈরি হওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।
শুক্রবার (৬ মার্চ) দুপুরে ট্রাভেল এজেন্সিগুলোকে পাঠানো এক বার্তায় বিমানের পক্ষ থেকে ফ্লাইট বাতিলের বিষয়টি জানানো হয়। এর আগে ৩ থেকে ৫ মার্চ পর্যন্ত সংশ্লিষ্ট রুটে ফ্লাইট চলাচল বন্ধ ছিল। পরে সেই স্থগিতাদেশ বাড়িয়ে ৮ মার্চ পর্যন্ত করা হয়েছে।
বাতিল হওয়া রুটগুলোর মধ্যে রয়েছে সংযুক্ত আরব আমিরাতের দুবাই, আবুধাবি ও শারজা; সৌদি আরবের দাম্মাম; কাতারের দোহা এবং কুয়েত। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স জানিয়েছে, পরিস্থিতির উন্নতি হলে বাতিল হওয়া ফ্লাইটগুলোর নতুন সময়সূচি যাত্রীদের জানিয়ে দেওয়া হবে।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সূত্রে জানা গেছে, মধ্যপ্রাচ্যে যুদ্ধাবস্থা এবং আকাশপথে নিরাপত্তাজনিত ঝুঁকি বাড়ায় গত ২৮ ফেব্রুয়ারি বিকেল থেকে ইরান, ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার ও জর্ডান তাদের আকাশসীমা সাময়িকভাবে বন্ধ করে দেয়। এর সরাসরি প্রভাব পড়ে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ফ্লাইট চলাচলে। আকাশপথ বন্ধ হয়ে যাওয়ায় আন্তর্জাতিক বিভিন্ন এয়ারলাইন্সের ফ্লাইট সূচিতে বড় ধরনের বিঘ্ন ঘটে।
প্রাপ্ত পরিসংখ্যান অনুযায়ী, এই যুদ্ধ পরিস্থিতির কারণে ঢাকা থেকে শুক্রবার পর্যন্ত বিভিন্ন এয়ারলাইন্সের মোট ২৪৫টি ফ্লাইট বাতিল হয়েছে।
বিমানের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, আকাশপথের উত্তেজনা কমে পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত অনিশ্চয়তা কাটবে না। তাই যাত্রীদের সর্বশেষ তথ্য জানতে বিমানের কল সেন্টার বা সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখার পরামর্শ দেওয়া হয়েছে।