
সরকারি কাজে কোনো ধরনের অবহেলা সহ্য করা হবে না। যার যা দায়িত্ব, তাকেই তা সজাগ থেকে নিষ্ঠার সঙ্গে পালন করতে হবে—এমন কঠোর বার্তা দিয়েছেন শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী।
বুধবার (৪ মার্চ) রাজধানীর শ্রম ভবনে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি বলেন, “যার যে দায়িত্ব, তাকে তা সজাগ থেকে নিষ্ঠার সঙ্গে পালন করতে হবে।” প্রতিটি স্তরে ব্যক্তিগত দায়বদ্ধতা নিশ্চিত করে শ্রমিকদের হয়রানিমুক্ত সেবা দেওয়ার আহ্বান জানান তিনি।
মন্ত্রী বলেন, শ্রমিক ও মেহনতি মানুষের দেশ হওয়া সত্ত্বেও সরকারি সেবা প্রদানে এখনো অনেক ক্ষেত্রে অনলাইন পদ্ধতির বদলে পুরোনো কাগুজে প্রক্রিয়া চালু রয়েছে, যা অত্যন্ত দুঃখজনক। সেবার মানোন্নয়নে ৩২টি শ্রম কল্যাণ কেন্দ্রের সুবিধাভোগীদের পূর্ণাঙ্গ তালিকা দ্রুত প্রস্তুতের নির্দেশ দেন তিনি। পাশাপাশি শ্রম অধিদপ্তরের আইটি সেক্টরসহ চলমান উন্নয়নমূলক কাজের অগ্রগতি পর্যালোচনা করে প্রযুক্তিগত সক্ষমতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন।
সভায় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মো. আব্দুর রহমান তরফদার বলেন, শিশুশ্রম একটি জঘন্য অপরাধ; এটি প্রতিরোধে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। শ্রমিকদের আর্থিক ও সামাজিক নিরাপত্তা নিশ্চিতে শ্রম পরিদর্শকদের সক্রিয় ভূমিকা রাখার নির্দেশনাও দেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন শ্রম অধিদপ্তরের মহাপরিচালক ফাহমিদা আক্তার, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের মহাপরিদর্শক ওমর মো. ইমরুল মহসিন এবং বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন–এর মহাপরিচালক মো. মুনির হোসেন খান।