
ইরানের সামরিক অবকাঠামোয় আঘাত হানার দাবি করলেও তেহরানের সক্ষমতা পুরোপুরি ভেঙে পড়েনি—এমন স্বীকারোক্তি এসেছে ইসরায়েলের পক্ষ থেকেই। ইসরায়েলি বাহিনী জানিয়েছে, একাধিক ক্ষেপণাস্ত্র লঞ্চার ধ্বংস করা হলেও ইরানের হাতে এখনও উল্লেখযোগ্য ক্ষেপণাস্ত্র সক্ষমতা রয়ে গেছে।
ইসরায়েলি সামরিক বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল এফি ডিফ্রিন এক ব্রিফিংয়ে বলেন, ‘ইসরায়েলি ফ্রন্টের জন্য বড় ধরনের হুমকি তৈরি করছিল এমন কয়েক ডজন ক্ষেপণাস্ত্র লঞ্চার ধ্বংস করেছি আমরা।’
তিনি আরও জানান, অভিযান অব্যাহত থাকবে। তার ভাষায়, ‘আমরা ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ ব্যবস্থায় হামলা অব্যাহত রাখব এবং গুলিবর্ষণ কমানোর চেষ্টা করব। তবে ইরানের এখনও উল্লেখযোগ্য সক্ষমতা রয়েছে। পাশাপাশি মনে রাখতে হবে, আমাদের প্রতিরক্ষা ব্যবস্থা অতিক্রম করাও অসম্ভব।’
ইসরায়েলি বাহিনীর এই বক্তব্যে একদিকে যেমন তাদের সামরিক সাফল্যের দাবি উঠে এসেছে, অন্যদিকে ইরানের অবশিষ্ট সক্ষমতা নিয়ে সতর্ক বার্তাও স্পষ্ট হয়েছে। চলমান সংঘাতের প্রেক্ষাপটে উভয় পক্ষের পাল্টাপাল্টি হামলা পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে।