
এক বছরের মধ্যে সারাদেশে পাঁচ কোটি গাছ লাগানোর লক্ষ্য নির্ধারণ করেছে সরকার। আগামী মে মাস থেকে এ কর্মসূচি শুরু হবে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু।
বুধবার (৪ মার্চ) সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান–এর সঙ্গে বৃক্ষরোপণ সংক্রান্ত সেলের পর্যালোচনা সভা শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।
এদিন বৃক্ষরোপণ কর্মসূচি ছাড়াও ‘সুস্বাস্থ্যের বাংলাদেশ’ এবং কৃষক কার্ড চালুসহ সরকারের অগ্রাধিকারভিত্তিক বিভিন্ন কর্মসূচির অগ্রগতি নিয়ে পৃথক সভা করেন প্রধানমন্ত্রী।
বৃক্ষরোপণ বিষয়ক সভায় পরিবেশমন্ত্রী ছাড়াও পরিবেশ ও বন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিবরা উপস্থিত ছিলেন। সভায় আগামী পাঁচ বছরে দেশে ২৫ কোটি বৃক্ষরোপণের লক্ষ্যমাত্রা ও এর অগ্রগতি পর্যালোচনা করা হয়।
এ সময় প্রতিমন্ত্রী জানান, তৈরি পোশাক শিল্পের পর কার্বন বাণিজ্যকে দেশের অন্যতম শীর্ষ বাণিজ্য খাতে পরিণত করার পরিকল্পনা রয়েছে সরকারের। পরিবেশবান্ধব উন্নয়ন ও জলবায়ু অভিযোজন কার্যক্রম জোরদারের মাধ্যমে এ খাতকে এগিয়ে নেওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে বলে তিনি উল্লেখ করেন।