
জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী (৫ আগস্টের) পর হয়রানির উদ্দেশ্যে অনেক নিরীহ মানুষকে আসামি করা হয়েছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, কিছু সুবিধাবাদী শ্রেণি এই ধরনের মামলাগুলো করেছে, যা সরকারের নজরে এসেছে।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, “৫ আগস্টের পর দায়ের করা বেশকিছু মামলায় ব্যক্তিগত সুবিধা চরিতার্থ করার জন্য সাধারণ ও নিরীহ মানুষদের আসামি করা হয়েছে। এগুলো যাচাই-বাছাই করে আমরা সঠিক তথ্য বের করব।”
তিনি আরও বলেন, “আইনের শাসন প্রতিষ্ঠা করতে আমরা বদ্ধপরিকর। কেউ যেন অহেতুক হয়রানিমূলক মামলার শিকার না হন—সেটা নিশ্চিত করার জন্য আমাদের সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত থাকবে।”
মন্ত্রী জানিয়েছেন, বিগত ফ্যাসিস্ট সরকারের ১৭ বছরকালে বিরোধী দলের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের বিরুদ্ধে দায়ের করা রাজনৈতিক হয়রানিমূলক আরও ১২০২টি মামলা প্রত্যাহারের অনুমোদন দেওয়া হয়েছে। এর আগে বিরোধী দলের নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা ১০০৬টি রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারের অনুমোদন দেওয়া হয়েছিল।
মামলা প্রত্যাহারের ক্ষেত্রে হত্যা, মাদক, অস্ত্র, বিস্ফোরক এবং নারী ও শিশু নির্যাতনের মামলা বাদ দিয়ে শুধুমাত্র রাজনৈতিক হয়রানিমূলক মামলাগুলো বিবেচনা করা হয়েছে।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “আমরা আরও কিছু রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারের উদ্যোগ নিয়েছি। মামলাগুলো সত্যিকার অর্থে রাজনৈতিক কি না তা সতর্কতার সঙ্গে যাচাই-বাছাই করা হবে। যাতে অপব্যবহার না হয়, সেই জন্য একটি যাচাই-বাছাই কমিটি গঠন করা হয়েছে। আজকালের মধ্যে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।”