
দেশে পাসপোর্ট প্রাপ্তি নিয়ে দীর্ঘদিনের ভোগান্তি কমাতে নতুন উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
সোমবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রধানদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।
মন্ত্রী বলেন, দেশে পাসপোর্ট নিয়ে অভিযোগ বহু দিনের। অনেকেই সঠিকভাবে আবেদন প্রক্রিয়া জানেন না। ফলে দালালচক্র বা অসাধু মধ্যস্বত্বভোগীদের খপ্পরে পড়ে অতিরিক্ত অর্থ ব্যয় ও হয়রানির শিকার হচ্ছেন সাধারণ মানুষ।
এই ভোগান্তি নিরসনে সরকার নতুন একটি পদ্ধতি চালুর উদ্যোগ নিয়েছে বলে জানান তিনি। প্রাথমিকভাবে ঢাকা ও বিভাগীয় শহরগুলোতে পরীক্ষামূলকভাবে এ ব্যবস্থা চালু করা হবে। পরিকল্পনা অনুযায়ী, দলিল লেখকদের মতো পাসপোর্ট কার্যক্রমেও কিছু ব্যক্তি বা প্রতিষ্ঠানকে নিবন্ধিত সহায়তাকারী হিসেবে অনুমোদন দেওয়া হবে।
জানা গেছে, নিবন্ধিত সহায়তাকারীরা আবেদনপত্র পূরণ, প্রয়োজনীয় কাগজপত্র যাচাই এবং অনলাইন আবেদন প্রক্রিয়ায় সহায়তা করবেন। বিনিময়ে তারা নির্ধারিত সার্ভিস চার্জ নিতে পারবেন। এতে সাধারণ মানুষের হয়রানি কমবে এবং দালালনির্ভরতা হ্রাস পাবে বলে আশা করা হচ্ছে।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ শিগগিরই এ বিষয়ে বিস্তারিত নীতিমালা প্রকাশ করবে বলে জানা গেছে।