
প্রধানমন্ত্রী তারেক রহমানের একান্ত সচিবপদে নতুন নিয়োগ পাওয়া কর্মকর্তাদের নাম ঘোষণা করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) মন্ত্রণালয় থেকে পৃথক প্রজ্ঞাপন জারি করে জানানো হয়, প্রধানমন্ত্রীর একান্ত সচিব (পিএস)-২ হিসেবে মো. মেহেদুল ইসলাম এবং সহকারী একান্ত সচিব (এপিএস)-২ পদে আব্দুর রহমান সানি নিয়োগ পেয়েছেন।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, মেহেদুল ইসলাম গ্রেড-৪ বেতন স্কেলের সর্বশেষ ধাপে বেতন পাবেন। আর আব্দুর রহমান সানি গ্রেড-৬ বেতন স্কেলের সর্বশেষ ধাপে বেতন গ্রহণ করবেন।
নিয়োগের শর্ত হিসেবে তাদের অন্য কোনো পেশা, ব্যবসা বা সরকারি, আধাসরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে সকল কর্মসম্পর্ক ত্যাগ করতে হবে। তাদের চুক্তিভিত্তিক নিয়োগ কার্যকর থাকবে প্রধানমন্ত্রীর মেয়াদকাল বা প্রধানমন্ত্রী সন্তুষ্ট না হওয়া পর্যন্ত, যা আগে ঘটে।
এছাড়া নিয়োগসংক্রান্ত অন্যান্য শর্তাদি পৃথক চুক্তিপত্রের মাধ্যমে নির্ধারণ করা হবে।