
সড়কে শৃঙ্খলা ফেরাতে ১৮০ দিনের পরিকল্পনাকেই সরকারের প্রধান লক্ষ্য হিসেবে ঘোষণা দিয়েছেন রেল, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। তিনি জানিয়েছেন, আসন্ন ঈদযাত্রায় ভোগান্তি কমাতে আগেরবার অনুসৃত প্রক্রিয়াই অনুসরণ করা হবে, পাশাপাশি নতুন করে আর কী উদ্যোগ নেওয়া যায় তা নিয়েও কাজ চলছে।
বুধবার (১৯ ফেব্রুয়ারি) বিকেলে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
মন্ত্রী জানান, মেট্রোরেলের কাজ ইতোমধ্যে শুরু হয়েছে এবং এটি দ্রুতগতিতে এগিয়ে নেওয়া হবে। বিআরটি প্রকল্প নিয়ে তিনি বলেন, “বিআরটি প্রকল্প রাষ্ট্রের জন্য নয় কোন ব্যক্তির জন্য হয়েছিলো। ১২ -১৪ লেনের জন্য এই প্রকল্প গুলো করা হয়। কিন্তু এখানে সেসব মানা হয়নি। মন্ত্রনালয়ের এই প্রকল্প চালানোর কোন আগ্রহ নেই। তবে এটা বন্ধ করলেও নিয়ম মেনেই করা হবে।”
অটোরিকশা বন্ধের বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলেও জানান তিনি। তবে যানজট নিরসনে দুই সিটি কর্পোরেশনকে সক্রিয়ভাবে যুক্ত করা হবে। এ ক্ষেত্রে ফুটপাত দখলমুক্ত করা এবং অটোরিকশার নিয়ন্ত্রণহীন চলাচল বন্ধে ব্যবস্থা নেওয়ার কথাও উল্লেখ করেন মন্ত্রী।