
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে ভোটকেন্দ্রে মোবাইল ফোন নিয়ে প্রবেশে সাংবাদিকদের ওপর আরোপিত নিষেধাজ্ঞা শিথিল করার প্রতিশ্রুতি দিয়েছে নির্বাচন কমিশন। সোমবার (৯ ফেব্রুয়ারি) কমিশনের পক্ষ থেকে এ আশ্বাস জানানো হয়।
এর আগে রোববার নির্বাচন কমিশন ভোটকেন্দ্রের ৪০০ গজের মধ্যে মোবাইল ফোন বহন সংক্রান্ত নিয়মাবলীর ঘোষণা করেছিল। এ সংক্রান্ত চিঠি ইসির সিনিয়র সহকারী সচিব মো. শহীদুল ইসলামের স্বাক্ষরে দেশের সব রিটার্নিং অফিসারের কাছে পাঠানো হয়।
চিঠিতে বলা হয়েছে, ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোটকেন্দ্রে শুধুমাত্র প্রিসাইডিং অফিসার, পুলিশ ইনচার্জ, আনসার, সাধারণ আনসার বা ভিডিপির মধ্যে ‘নির্বাচন সুরক্ষা-২০২৬’ অ্যাপ ব্যবহারকারী দুজন আনসার সদস্য মোবাইল ফোন বহন করতে পারবেন। অন্য সবাই ভোটকেন্দ্রে মোবাইল সঙ্গে নিয়ে প্রবেশ করতে পারবেন না।
তবে সাংবাদিকদের পেশাগত কার্যক্রম নির্বিঘ্নে পরিচালনার স্বার্থে কমিশন এই নিষেধাজ্ঞা শিথিল করার আশ্বাস দিয়েছে।