
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খানের মোবাইল ফোন নম্বর হ্যাকারদের দখলে চলে গেছে। সোমবার (২ ফেব্রুয়ারি) নিজেই সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি সতর্কবার্তা পোস্ট করে তিনি বিষয়টি জানান।
ফেসবুক পোস্টে উপদেষ্টা বলেন, “আমার ব্যবহৃত ফোন নম্বরটি বর্তমানে হ্যাকারদের নিয়ন্ত্রণে রয়েছে। কেউ যদি ওই নম্বর থেকে অর্থ সহায়তার জন্য যোগাযোগ করে, সেটিকে সম্পূর্ণভাবে উপেক্ষা করার জন্য আমি সবাইকে অনুরোধ জানাচ্ছি।” তিনি আরও বলেন, এই ধরনের অনুরোধকে প্রতারণামূলক কর্মকাণ্ড হিসেবে বিবেচনা করতে হবে।
জানা গেছে, মুহাম্মদ ফাওজুল কবির খান ২০২৪ সালের ১৬ আগস্ট বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে নিযুক্ত হন। বর্তমানে তিনি বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের পাশাপাশি সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্ব পালন করছেন।