
রবিবার (১৯ এপ্রিল) বিকেলের মধ্যে সিলেট অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে ওই এলাকায় বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির প্রবল সম্ভাবনার কথাও জানানো হয়েছে।
রবিবার (১৯ এপ্রিল) সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া এক সতর্কবার্তায় বলা হয়, সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এর সঙ্গে বজ্রসহ বৃষ্টি নামার শঙ্কাও রয়েছে।
ঝড়ো আবহাওয়ার কারণে সিলেট অঞ্চলের নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে। পাশাপাশি নৌযানগুলোকে সাবধানে চলাচল করতে নির্দেশনা দেওয়া হয়েছে, যাতে আকস্মিক ঝড়ের ঝুঁকি এড়ানো যায়।
দুপুরের পর থেকেই সিলেটের আকাশে মেঘের ঘনত্ব বাড়তে শুরু করেছে। আবহাওয়ার এই পরিস্থিতিতে বজ্রপাত ও আকস্মিক ঝড় থেকে রক্ষা পেতে স্থানীয় বাসিন্দাদের নিরাপদ স্থানে থাকার পরামর্শ দেওয়া হয়েছে।