
ইরানের সঙ্গে চলমান যুদ্ধ বন্ধে একটি চুক্তিতে পৌঁছাতে তেহরান আগ্রহী বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে এখন পর্যন্ত ইরান এমন কোনো প্রস্তাব দেয়নি, যা যুক্তরাষ্ট্রের কাছে গ্রহণযোগ্য।
শুক্রবার (২০ নভেম্বর) হোয়াইট হাউসে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
ট্রাম্প বলেন, ‘ইরান চুক্তি করতে চায়। কিন্তু তারা এমন কোনো চুক্তি করতে রাজি নয়, যা আমার কাছে গ্রহণযোগ্য।’
তিনি আরও বলেন, ‘আমরা প্রকৃত চুক্তি চাই, কোনো ভুয়া চুক্তি নয়।’ এ সময় ইরানের বিরুদ্ধে কয়েক দশক ধরে যুক্তরাষ্ট্রকে বিভ্রান্ত করার অভিযোগও করেন তিনি।
অন্যদিকে, ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসতে তেহরানের কিছু সুনির্দিষ্ট শর্ত রয়েছে। এর মধ্যে অন্যতম হলো, ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম দেশের বাইরে নেওয়া যাবে না।
তবে আলোচনার মাধ্যমে একটি ন্যায়সংগত সমাধানে পৌঁছানো সম্ভব বলে মনে করেন তিনি। আরাগচি বলেন, ইরান এমন একটি চুক্তি চায়, যার ফলে ভবিষ্যতে নতুন করে যুদ্ধ শুরু হওয়ার আশঙ্কা থাকবে না। কূটনৈতিক আলোচনার মধ্য দিয়ে এই লক্ষ্য অর্জন করা সম্ভব বলে এখনো আশা করছে তেহরান।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, আলোচনা এগিয়ে নেওয়ার আগে যুক্তরাষ্ট্র যে সত্যিকার অর্থেই সমঝোতায় আগ্রহী, সে বিষয়ে নিশ্চয়তা চায় ইরান। এ লক্ষ্যে মধ্যস্থতাকারীদের সঙ্গে আস্থার পরিবেশ তৈরির বিভিন্ন পদক্ষেপ নিয়েও আলোচনা হয়েছে।
ট্রাম্প ও আরাগচির এমন বক্তব্যের মধ্যেই ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের নতুন করে সামরিক হামলার আশঙ্কা বাড়ছে। প্রায় নয় মাস ধরে চলা এই সংঘাতের রাজনৈতিক ও অর্থনৈতিক প্রভাব সামাল দিতে গিয়ে চাপে রয়েছেন ট্রাম্প। নতুন করে বড় ধরনের সামরিক অভিযান চালানো হবে কি না, তা নিয়েও ভাবছেন তিনি।