
সৌদি আরবে চলমান হামলা অবিলম্বে বন্ধের আহ্বান জানিয়েছেন মিশরের পররাষ্ট্রমন্ত্রী বদর আবদেলাত্তি। মঙ্গলবার ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচির সঙ্গে টেলিফোনে আলাপকালে তিনি এ আহ্বান জানান।
মিশরের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, সৌদি আরবে হামলার কঠোর সমালোচনা করে আবদেলাত্তি বলেছেন, ‘এ ধরনের হামলার কোনো যৌক্তিকতা নেই এবং এগুলো সম্পূর্ণ অগ্রহণযোগ্য।’
সংকট নিরসনে আঞ্চলিক উত্তেজনা কমানোর ওপর গুরুত্ব দেন মিশরের পররাষ্ট্রমন্ত্রী। বিবৃতিতে বলা হয়, চলমান উত্তেজনা মধ্যপ্রাচ্যের দেশগুলোর পাশাপাশি আন্তর্জাতিক নিরাপত্তা ও স্থিতিশীলতার ওপরও নেতিবাচক প্রভাব ফেলছে। এ কারণে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা জরুরি।
এ সময় তেহরান ও ওয়াশিংটনের মধ্যে স্থগিত থাকা কূটনৈতিক আলোচনা দ্রুত পুনরায় শুরুর আহ্বান জানান আবদেলাত্তি। তাঁর মতে, পারস্পরিক মতপার্থক্য নিরসন এবং মধ্যপ্রাচ্যে আরও বড় ধরনের অস্থিতিশীলতা এড়াতে রাজনৈতিক ও কূটনৈতিক সংলাপই কার্যকর পথ।
উল্লেখ্য, চলতি অক্টোবরের শুরুতে হুতি বিদ্রোহীরা সৌদি আরবের বিভিন্ন বিমানবন্দর ও স্থাপনা লক্ষ্য করে ধারাবাহিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। রিয়াদের কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দরে হুতিদের হামলায় অন্তত ১২ জন নিহত এবং ৩০০ জনের বেশি আহত হন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। নিহতদের মধ্যে দুজন বাংলাদেশি নাগরিক রয়েছেন। এ ছাড়া যুক্তরাষ্ট্র, জর্ডান, ফিলিস্তিন, সিরিয়া, সুদান ও মিসরের একজন করে নাগরিক নিহত হয়েছেন।
সূত্র: আল-জাজিরা।