
ওমরাহযাত্রীদের লক্ষ্য করে হুথিদের হামলাকে জঘন্যতম অপরাধ হিসেবে আখ্যা দিয়েছেন সৌদি আরবের গ্র্যান্ড মুফতি শায়খ সালেহ আল-ফাওজান। বেসামরিক স্থাপনা ও পবিত্র দুই মসজিদের উদ্দেশ্যে যাত্রা করা মুসল্লিদের ওপর হামলার তীব্র নিন্দা জানিয়েছেন তিনি।
সোমবার (১২ অক্টোবর) এক বিবৃতিতে ওলামা কাউন্সিলের চেয়ারম্যান এবং গবেষণা ও ইফতা বিষয়ক সাধারণ প্রেসিডেন্সির প্রধান সালেহ আল-ফাওজান বলেন, হুথি মিলিশিয়া বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে। পবিত্র মসজিদুল হারাম ও মসজিদে নববীর উদ্দেশ্যে যাত্রা করা মুসল্লিসহ নিরপরাধ মানুষকে হত্যা করা গুরুতর অপরাধ। এ ধরনের কর্মকাণ্ডের জন্য আল্লাহ তায়ালা কঠোর শাস্তির কথা বলেছেন।
গ্র্যান্ড মুফতি বলেন, ইতিহাসে দেখা গেছে, পবিত্র স্থান ও আল্লাহর ঘরের উদ্দেশ্যে যাত্রা করা মানুষের ওপর হামলাকারী অপরাধী গোষ্ঠীগুলো শেষ পর্যন্ত ধ্বংস ও ভয়াবহ পরিণতির মুখে পড়েছে।
বিবৃতিতে সালেহ আল-ফাওজান হামলাকারীদের ধ্বংস এবং সৌদি আরবসহ বিশ্বের সব মুসলিম দেশকে নিরাপদ রাখার জন্য আল্লাহর কাছে প্রার্থনা করেন।