.webp)
সৌদি আরবের রাজধানী রিয়াদের আশপাশে একটি গুরুত্বপূর্ণ তেল স্থাপনা লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা।
রোববার (৪ অক্টোবর) এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
শনিবার (৩ অক্টোবর) সৌদি আরবের রাষ্ট্রীয় তেল কোম্পানি আরামকোর একটি শোধনাগার এলাকা থেকে আগুনের শিখা এবং ঘন কালো ধোঁয়া উঠতে দেখা যায়। পরে আগুন নেভাতে ঘটনাস্থলে কাজ করেন দমকলকর্মীরা। তবে আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিক কোনো ব্যাখ্যা দেয়নি সৌদি কর্তৃপক্ষ বা আরামকো।
সৌদি বিমান হামলার জবাব দেওয়ার দাবি
হুথিদের মুখপাত্র ইয়াহিয়া সারি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় দাবি করেন, তাদের চালানো হামলায় লক্ষ্যবস্তু স্থাপনাগুলোতে আগুন ধরে যায়। ইয়েমেনে হুথিদের নিয়ন্ত্রণাধীন বিভিন্ন এলাকায়, বিশেষ করে রাজধানী সানায় সৌদি বিমান হামলার প্রতিক্রিয়ায় এই পাল্টা হামলা চালানো হয়েছে বলে জানান তিনি।
২৪ ঘণ্টায় প্রায় ৬০ সৌদি বিমান হামলার অভিযোগ
ইয়াহিয়া সারির দাবি, এর আগের ২৪ ঘণ্টায় হুথি নিয়ন্ত্রিত এলাকাগুলোতে প্রায় ৬০টি বিমান হামলা চালিয়েছে সৌদি আরব। এসব হামলার জবাব হিসেবেই সৌদি ভূখণ্ডের তেল স্থাপনাকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানো হয়েছে বলে দাবি করেন হুথি মুখপাত্র।