
মিয়ানমারের রাখাইন রাজ্যে একটি বাজারসংলগ্ন এলাকায় সামরিক বাহিনীর বিমান হামলায় অন্তত ৩৩ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩৬ জন। সোমবার (২৮ সেপ্টেম্বর) রাজ্যের উত্তরাঞ্চলের নদীতীরবর্তী কিয়াউকটাও শহরে এ হামলার ঘটনা ঘটে।
অঞ্চলটির নিয়ন্ত্রণকারী বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি ও স্থানীয় ত্রাণকর্মীদের বরাতে এ তথ্য জানিয়েছে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যম।
স্থানীয় একটি ত্রাণ দলের দায়িত্বে থাকা ওয়াই হুন আং হতাহতের সংখ্যা নিশ্চিত করে জানান, হামলার স্থানটি চলমান সংঘাতের প্রধান যুদ্ধক্ষেত্র থেকে বেশ দূরে। ওই এলাকার সঙ্গে যুদ্ধেরও সরাসরি কোনো যোগসূত্র ছিল না বলে তিনি জানান।
২০২১ সালে সামরিক অভ্যুত্থানের পর মিয়ানমারে গৃহযুদ্ধ ছড়িয়ে পড়ে। এরপর থেকে দেশটির বিভিন্ন অঞ্চলে সামরিক বাহিনীর বিরুদ্ধে লড়াই করছে আরাকান আর্মিসহ একাধিক সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী।
তবে কিয়াউকটাওয়ের এই হামলার বিষয়ে মিয়ানমার সরকারের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।
মিয়ানমারের সামরিক বাহিনী এর আগে দাবি করে আসছে, বেসামরিক মানুষের প্রাণহানি এড়াতে তারা সামরিক অভিযানে সর্বোচ্চ সংযম দেখায়। তবে স্থানীয় পর্যবেক্ষকদের মতে, গত ডিসেম্বরে রাখাইনের একটি হাসপাতালে চালানো প্রাণঘাতী বিমান হামলার পর এই ঘটনাটি রাজ্যে বেসামরিক মানুষের সবচেয়ে বড় প্রাণহানির ঘটনাগুলোর একটি।