
ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলীয় পাপুয়া অঞ্চলে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ১১ জনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে ছয়জনই শিশু। আগুনে একটি বাজারের পাশাপাশি আশপাশের বহু দোকান ও বসতঘর পুড়ে গেছে।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, সেন্ট্রাল পাপুয়া প্রদেশের পানিয়াই শহরে সোমবার (৬ সেপ্টেম্বর) মধ্যরাতের পর আগুনের সূত্রপাত হয়। ঘনবসতিপূর্ণ এলাকা হওয়ায় মুহূর্তেই আগুন আশপাশের একাধিক দোকান ও শপহাউজে ছড়িয়ে পড়ে।
স্থানীয় পুলিশ মুখপাত্র হেনরি জে. মানুরং জানান, ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে উদ্ধারকর্মীরা পুড়ে যাওয়া অবস্থায় ১১টি মরদেহ উদ্ধার করেন। নিহতদের মধ্যে পাঁচজন প্রাপ্তবয়স্ক এবং ছয়জন শিশু। শিশুদের বয়স ২ থেকে ৯ বছরের মধ্যে।
ফায়ার সার্ভিসের গাড়ি ও পানির কামান ব্যবহার করে তিন ঘণ্টারও বেশি সময় ধরে চেষ্টা চালানোর পর আগুন নিয়ন্ত্রণে আসে। এরই মধ্যে অন্তত ৪০টি ঘরবাড়ি পুড়ে যায়।
কর্মকর্তারা জানান, ঘরবাড়ি ও দোকানগুলো পাশাপাশি থাকায় এবং আগুনের তীব্রতা বেশি হওয়ায় আগুন নিয়ন্ত্রণে আনতে দীর্ঘ সময় লেগেছে।
অগ্নিকাণ্ডের কারণ জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।