
প্রলয়ংকারী বন্যার ১০ দিন পর নেপালে কাদামাটিতে আটকে থাকা একটি সুড়ঙ্গ থেকে এক চীনা নাগরিককে জীবিত উদ্ধার করা হয়েছে। শনিবার (৫ সেপ্টেম্বর) দেশটির আপার ট্রিশুলি-১ জলবিদ্যুৎ প্রকল্পের একটি সুড়ঙ্গ থেকে তাকে উদ্ধার করা হয়।
বার্তা সংস্থা এএফপিকে বিষয়টি নিশ্চিত করেছেন নেপাল সেনাবাহিনীর এক কর্মকর্তা।
‘দ্য কাঠমান্ডু পোস্ট’-এর প্রতিবেদনে বলা হয়েছে, নেপাল সেনাবাহিনীর মুখপাত্র রাজারাম বাসনে জানান, নেপালের সেনাবাহিনী ও বিদেশি উদ্ধারকারীদের সমন্বয়ে গঠিত যৌথ দল লুহাইতো নামের ওই চীনা নাগরিককে সুড়ঙ্গের ২২৫ মিটার গভীর থেকে জীবিত অবস্থায় উদ্ধার করে।
উদ্ধারের পর তাকে হাসপাতালে চিকিৎসকদের তত্ত্বাবধানে রাখা হয়েছে। আপার ট্রিশুলি-১ জলবিদ্যুৎ প্রকল্পে এখনও উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে বলে জানান রাজারাম বাসনে।
এদিকে একই দিনে নেপালের বেত্রবতীতে কাদামাটিতে ডুবে থাকা একটি চারতলা ভবনের ওপরের তলা থেকে চান্দিকা শ্রেষ্ঠা (৬০) নামে এক নারীকে জীবিত উদ্ধার করেছে পুলিশ।
এর আগে শুক্রবার (৪ সেপ্টেম্বর) হিমবাহধসে সৃষ্ট পাহাড়ি ঢলের নয় দিন পর ত্রিশূলী-৩ জলবিদ্যুৎ প্রকল্পের একটি সুড়ঙ্গ থেকে দুই ব্যক্তিকে জীবিত উদ্ধার করা হয়। তাদের একজন সঞ্জয় শাহ এবং অপরজন কবির মহারাজন। সঞ্জয় শাহ নেপাল বিদ্যুৎ বিভাগের কর্মী বলে জানা গেছে।
গত ২৬ আগস্ট নেপালে ভয়াবহ ওই দুর্যোগের পর এখন পর্যন্ত ১ হাজার ২০০ জনের বেশি মানুষের মৃত্যু হয়েছে। দুর্ঘটনার পর থেকে বিভিন্ন সুড়ঙ্গের ভেতরে আটকে পড়া শ্রমিকদের উদ্ধারে উদ্ধারকর্মীরা অভিযান চালিয়ে যাচ্ছেন।
নেপাল বিদ্যুৎ বিভাগের জ্যেষ্ঠ কর্মকর্তা সুরেশ রাউত বলেন, উদ্ধার হওয়া ব্যক্তিদের প্রয়োজনীয় অক্সিজেন সরবরাহ করা হচ্ছে। সুড়ঙ্গের ভেতরে আরও মানুষ আটকে থাকতে পারেন বলে ধারণা করা হচ্ছে। তাদের উদ্ধারে অভিযান চলছে।