
নেপাল ও চীনে ভয়াবহ হিমবাহ ও ভূমিধসে প্রাণহানি ১ হাজার ৩০০ ছাড়িয়েছে, এখনও নিখোঁজ রয়েছেন সাড়ে ৫ হাজারের বেশি মানুষ। এর মধ্যেই জাপানের একটি এলাকায় রেকর্ড বৃষ্টিপাতের পর ভূমিধসের আশঙ্কায় সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে।
বার্তা সংস্থা আনাদোলু জানিয়েছে, শনিবার (৫ সেপ্টেম্বর) কাগোশিমা প্রদেশের ইয়াকুশিমা শহরের জন্য সর্বোচ্চ স্তরের ভূমিধস সতর্কতা জারি করেছে জাপান আবহাওয়া সংস্থা (জেএমএ)।
জেএমএ এক বিবৃতিতে জানিয়েছে, সেখানে বৃষ্টিপাতের মাত্রা ‘অভূতপূর্ব’। এর ফলে ভূমিধসের ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত এলাকাগুলোতে ইতোমধ্যে বড় ধরনের দুর্যোগের আশঙ্কা তৈরি হয়েছে।
সংস্থাটি সতর্ক করে বলেছে, মানুষের জীবন এখন সরাসরি ঝুঁকির মধ্যে রয়েছে। ঝড় ও ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকায় বাসিন্দাদের নিরাপত্তার জন্য দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে।
কর্তৃপক্ষের পক্ষ থেকে বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। তবে কোনো নির্দিষ্ট আশ্রয়কেন্দ্রে পৌঁছানো ঝুঁকিপূর্ণ মনে হলে খাড়া পাহাড়, ঢাল ও নদী-নালা থেকে দূরে থাকা কোনো নিরাপদ ভবনে আশ্রয় নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
জেএমএ আরও জানিয়েছে, বিশেষ সতর্কতা জারি হওয়ার অপেক্ষায় থাকলে নিরাপদে সরে যাওয়ার সুযোগ নাও থাকতে পারে। তাই নিজের ও স্বজনদের জীবন রক্ষায় কোনো ধরনের বিলম্ব না করে দ্রুত নিরাপদ স্থানে সরে যাওয়ার আহ্বান জানিয়েছে সংস্থাটি।
একই সঙ্গে স্থানীয় কর্তৃপক্ষের নির্দেশনা মেনে চলার জন্য জনসাধারণকে বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।