
ভারতের কেরালা রাজ্যের ত্রিশুর জেলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় আটজন নিহত হয়েছেন। নিহতরা প্রতিবেশী রাজ্য তামিলনাড়ুর শিক্ষার্থী বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। খবর এনডিটিভির।
পুলিশ জানায়, শুক্রবার (৪ সেপ্টেম্বর) রাত প্রায় ১১টা ৪০ মিনিটে কৈপামঙ্গলম এলাকার পানাম্বিকুন্নুতে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশের তথ্যমতে, তরুণদের বহনকারী গাড়িটি মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি লরিকে সজোরে ধাক্কা দেয়। এতে গাড়িতে থাকা আটজনই ঘটনাস্থলে প্রাণ হারান।
দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয় বাসিন্দা, ফায়ার অ্যান্ড রেসকিউ কর্মী ও পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালান। পরে গাড়ি থেকে নিহতদের মরদেহ উদ্ধার করা হয়।
উদ্ধার শেষে নিহতদের মরদেহ ত্রিশুর মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।