
ভারতের রাজধানী দিল্লিতে হঠাৎ শুরু হওয়া প্রবল বৃষ্টি ও ঝোড়ো হাওয়ায় বদলে গেছে নগরীর স্বাভাবিক পরিস্থিতি। শুক্রবার দুপুরের পরপরই আকাশ কালো মেঘে ঢেকে যায়। এরপর তীব্র বাতাসের সঙ্গে শুরু হয় মুষলধারে বৃষ্টি। পরিস্থিতির অবনতি আশঙ্কায় জরুরি ভিত্তিতে ‘রেড অ্যালার্ট’ জারি করেছে আবহাওয়া দপ্তর।
উৎসবের মধ্যে দুর্ভোগে সাধারণ মানুষ
জন্মাষ্টমী উপলক্ষে উৎসবে অংশ নিতে যারা রাজধানীর বিভিন্ন সড়কে বের হয়েছিলেন, আকস্মিক বৃষ্টিতে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েন তারাই। ছাতা হাতে কিংবা উৎসবের পোশাকে রাস্তায় বের হওয়া মানুষ মুহূর্তের মধ্যেই বৃষ্টিতে ভিজে যান।
পরিস্থিতি খারাপ হতে থাকায় নিরাপদ জায়গায় আশ্রয় নিতে বিভিন্ন স্থানে মানুষের ছোটাছুটি শুরু হয়। বৃষ্টির তীব্রতা বাড়ার সঙ্গে সঙ্গে দিল্লির গুরুত্বপূর্ণ সড়কগুলোর অনেক অংশ পানিতে ডুবে যায়। এতে সড়কে যানবাহনের গতি কমে গিয়ে তীব্র যানজটের সৃষ্টি হয়।
পালম-নজফগড়সহ বিভিন্ন এলাকায় তুমুল বৃষ্টিপাত
আবহাওয়া দপ্তর জানিয়েছে, দিল্লির পালম, নজফগড়সহ রাজধানীর বিভিন্ন এলাকায় উল্লেখযোগ্য পরিমাণ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, সামনে দিল্লির অধিকাংশ এলাকায় বজ্রপাতসহ মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। একই সঙ্গে কিছু এলাকায় ঝোড়ো হাওয়ার গতিবেগ ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার পর্যন্ত পৌঁছানোর আশঙ্কাও রয়েছে।
নিচু এলাকায় জলাবদ্ধতার শঙ্কা
টানা বৃষ্টির কারণে দিল্লির নিচু এলাকাগুলোতে পানি জমে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। এতে নগরীর বিভিন্ন অংশে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠতে পারে।
দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে সাধারণ মানুষকে বিশেষ প্রয়োজন ছাড়া বাইরে না বের হওয়ার পরামর্শ দিয়েছে আবহাওয়া দপ্তর। পাশাপাশি রাস্তায় চলাচলের সময় সবাইকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।
সূত্র: এনডিটিভি