
সাম্প্রতিক মার্কিন হামলায় ইরানের তিন পাইলট নিহত হয়েছেন বলে জানিয়েছে তেহরান। দেশটির আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিম বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়, দুই রাত আগে চালানো হামলায় ওই তিন পাইলট নিহত হন।
নিহতদের পরিচয়ও প্রকাশ করেছে তাসনিম। তারা হলেন ইরানি নৌবাহিনীর মোজতবা বাঘেরি ও হামেদ ওকাতি এবং বিমানবাহিনীর হোসেইন মাহদাভিয়ান। তবে হামলাটি ঠিক কোথায় এবং কী পরিস্থিতিতে চালানো হয়েছিল, সে বিষয়ে প্রতিবেদনে বিস্তারিত কিছু জানানো হয়নি বলে জানিয়েছে তুর্কি বার্তা সংস্থা আনাদোলু।
এর আগে ইরানি গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছিল, ১ সেপ্টেম্বর দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় খুজেস্তান প্রদেশে মার্কিন হামলার সময় দায়িত্ব পালন করতে গিয়ে নৌবাহিনীর সদস্য আমিরহোসেন সেলিমজাদেহ নিহত হন।
ইরানি কর্তৃপক্ষের দাবি, ৩০ আগস্ট থেকে ২ সেপ্টেম্বর পর্যন্ত চালানো মার্কিন হামলায় অন্তত ১৮ জন নিহত এবং ১৪২ জন আহত হয়েছেন।
কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, নিহতদের মধ্যে দক্ষিণাঞ্চলীয় হরমোজগান প্রদেশের সিরিকে চারজন, খুজেস্তানে সাতজন, পশ্চিমাঞ্চলীয় কেরমানশাহ প্রদেশে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) মহাকাশ বাহিনীর চার সদস্য এবং লাভান দ্বীপে বাসিজ আধাসামরিক বাহিনীর তিন সদস্য রয়েছেন।
সর্বশেষ দফার সংঘাতের সূত্রপাত হয় ৩০ আগস্ট ইরানের লারাক দ্বীপে যুক্তরাষ্ট্রের হামলার মধ্য দিয়ে। এর ফলে প্রায় এক মাস ধরে চলা সরাসরি সংঘাতের বিরতি ভেঙে যায়।
এরপর ইরানের ভূখণ্ডে আরও কয়েকটি হামলা চালায় যুক্তরাষ্ট্র। পাল্টা জবাবে তেহরানও পুরো অঞ্চলে মার্কিন সামরিক স্থাপনাগুলো লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে।