
বাংলাদেশি ভিসাপ্রার্থীদের জন্য আবেদন প্রক্রিয়া আরও সহজ করতে ঢাকায় পৃথক ভিসা আবেদন কেন্দ্র চালু করছে দক্ষিণ কোরিয়ার দূতাবাস। আগামী ২ সেপ্টেম্বর রাজধানীর বনানীর কামাল আতাতুর্ক অ্যাভিনিউতে চালু হবে ‘কোরিয়া ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার’।
দূতাবাস জানিয়েছে, নতুন কেন্দ্র চালুর পর সাধারণ ভিসা আবেদন ও পাসপোর্ট সংগ্রহের কার্যক্রম এককভাবে এই কেন্দ্রের মাধ্যমেই পরিচালিত হবে। তবে কূটনৈতিক নোটের মাধ্যমে কূটনৈতিক ও অফিসিয়াল ভিসার জন্য পাসপোর্ট গ্রহণ ও ইস্যুর কার্যক্রম আগের মতোই দূতাবাস পরিচালনা করবে।
নতুন ভিসা আবেদন কেন্দ্রটির ঠিকানা—২ এফ বি অ্যান্ড টি নেহালিয়া টাওয়ার, প্লট ৮০, ব্লক বি, কামাল আতাতুর্ক অ্যাভিনিউ, ঢাকা-১২১৩।
আবেদনকারীদের জন্য কেন্দ্রটিতে অনলাইন অ্যাপয়েন্টমেন্ট ব্যবস্থা চালু করা হবে। অনলাইন অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার পদ্ধতি এবং অ্যাপয়েন্টমেন্টের তারিখ সম্পর্কে বিস্তারিত আগামী ২৭ আগস্ট পৃথকভাবে জানানো হবে বলে দূতাবাস জানিয়েছে।
এদিকে নোটারাইজেশন এবং পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট-সংক্রান্ত সেবাগুলো আগের নিয়মেই দক্ষিণ কোরিয়ার দূতাবাস থেকে পাওয়া যাবে।
ভিসা সেন্টার চালুর সময়সূচি, কার্যক্রমের সময়, অনলাইন অ্যাপয়েন্টমেন্টের নিয়ম, আবেদন প্রক্রিয়া, প্রয়োজনীয় কাগজপত্র, ফি এবং কেন্দ্র পরিচালনার অন্যান্য বিষয় নিয়ে বিস্তারিত তথ্য পরবর্তী সময়ে প্রকাশ করা হবে।
দক্ষিণ কোরিয়ার ভিসার জন্য আগ্রহীদের নতুন ভিসা আবেদন কেন্দ্র নিয়ে দূতাবাসের পরবর্তী ঘোষণাগুলো নিয়মিত অনুসরণ করার পরামর্শ দেওয়া হয়েছে। দূতাবাস বলছে, নতুন কেন্দ্রের মাধ্যমে আবেদনকারীদের সুবিধা বাড়ানোর পাশাপাশি আরও কার্যকর ও সুশৃঙ্খল ভিসাসেবা নিশ্চিত করার চেষ্টা করা হবে।