
সামরিক চাপের পরিবর্তে যুক্তরাষ্ট্র এখন ইরানের বিরুদ্ধে অর্থনৈতিক যুদ্ধের কৌশল নিয়েছে বলে মন্তব্য করেছেন ইসলামি বিপ্লবী গার্ড কোরের (আইআরজিসি) মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল হোসেইন মহেব্বি।
রোববার (২৩ আগস্ট) ইরানের বার্তা সংস্থা তাসনিম নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন।
হোসেইন মহেব্বি বলেন, সামরিক ক্ষেত্রে ইরানের সক্ষমতা ও দৃঢ়তা এখন সবার কাছেই স্পষ্ট। একই সঙ্গে দেশটির সামরিক শক্তি ধরে রাখার পাশাপাশি ক্ষেপণাস্ত্র উৎপাদন কার্যক্রমও আগের মতো অব্যাহত রয়েছে বলে দাবি করেন তিনি।
আইআরজিসির মুখপাত্রের বক্তব্যে ইঙ্গিত পাওয়া যায়, আন্তর্জাতিক চাপ ও নিষেধাজ্ঞার মধ্যেও ইরান তার ক্ষেপণাস্ত্র কর্মসূচি চালিয়ে যেতে অনড় অবস্থানে রয়েছে। তেহরানের দৃষ্টিতে যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক কৌশল দেশটির সামরিক সক্ষমতার বিরুদ্ধে চাপ প্রয়োগে ব্যর্থতার পর অর্থনৈতিক পদক্ষেপের দিকে সরে যাওয়ারই প্রতিফলন।