
ভারতের পূর্বাঞ্চলীয় বিহার রাজ্যের একটি মন্দিরে পদদলিত হয়ে অন্তত সাতজন নারী নিহত হয়েছেন। এ ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন।
সোমবার ভোরে (১৭ আগস্ট) বিহারের লখিসরাই জেলার অশোক ধাম মন্দিরে এ দুর্ঘটনা ঘটে।
মন্দিরের কর্মকর্তা শৈলেন্দ্র কুমার জানান, একটি বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ার পর সেটির তার ছিঁড়ে পুণ্যার্থীদের ওপর পড়ে গেছে—এমন গুজব ছড়িয়ে পড়ে।
এই গুজবের পর নারীদের সারিতে হুড়োহুড়ি শুরু হয়। একপর্যায়ে তারা একে অপরের ওপর পড়ে গেলে পদদলনের ঘটনা ঘটে। এতে সাতজন নারী নিহত হন।
এ ঘটনায় আহতের সংখ্যা এখনো সঠিকভাবে নির্ধারণ করা সম্ভব হয়নি। আহতদের সংখ্যা নিরূপণের কাজ চলছে।
এদিকে বিহারের মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে জানিয়েছেন, আহতদের দ্রুত ও যথাযথ চিকিৎসা নিশ্চিত করতে প্রশাসনকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।