
ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান সীমিত হয়ে যাওয়ার পেছনে যুক্তরাষ্ট্রের গোলাবারুদের ঘাটতিকে দায়ী করে দেশটির প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের কাছে জবাব চেয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
বুধবার (৫ আগস্ট) ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট দুটি সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে দ্য ওয়াশিংটন পোস্ট। প্রতিবেদনে বলা হয়, ম্যারিল্যান্ডের ক্যাম্প ডেভিডে অনুষ্ঠিত মন্ত্রিসভার এক বৈঠকে ট্রাম্প জানতে চান, দূরপাল্লার গাইডেড ক্ষেপণাস্ত্র এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার ইন্টারসেপ্টরের মতো গুরুত্বপূর্ণ অস্ত্রের ঘাটতি এখনো কেন কাটিয়ে ওঠা সম্ভব হয়নি।
প্রতিবেদন অনুযায়ী, এই অস্ত্র সংকটের কারণেই সাম্প্রতিক সময়ে ইরানের বিরুদ্ধে আরও বড় পরিসরে বিমান হামলা চালানো থেকে বিরত থাকতে বাধ্য হয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প।
এতে আরও বলা হয়, নতুন উৎপাদন চুক্তি সম্পন্ন হলেও একটি পেট্রিয়ট ক্ষেপণাস্ত্র তৈরি করতে প্রায় দুই বছর পর্যন্ত সময় লাগতে পারে। বৈঠকে নিজের অবস্থান ব্যাখ্যা করতে গিয়ে প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ অস্ত্রের ঘাটতি এবং মজুত পরিস্থিতি সম্পর্কে প্রেসিডেন্ট ট্রাম্পকে অবহিত না রাখার দায় উপপ্রতিরক্ষামন্ত্রী স্টিফেন ফেইনবার্গের ওপর চাপান।
তবে দ্য ওয়াশিংটন পোস্টের এ প্রতিবেদন অস্বীকার করেছে হোয়াইট হাউস ও পেন্টাগন। হোয়াইট হাউসের প্রেস সচিব ক্যারোলিন লিভিট এটিকে ‘১০০ ভাগ ভুয়া খবর’ বলে উল্লেখ করে বলেন, প্রতিরক্ষামন্ত্রী হেগসেথের প্রতি প্রেসিডেন্ট ট্রাম্পের পূর্ণ আস্থা রয়েছে। অন্যদিকে পেন্টাগনের প্রধান মুখপাত্র শন পার্নেল বলেন, হেগসেথ কাউকে বিভ্রান্ত করেননি।
সূত্র: আনাদোলু এজেন্সি