
মিশরে আঘাত হানা শক্তিশালী একটি ভূমিকম্পের কম্পন ইসরায়েলের দক্ষিণাঞ্চল ও মৃত সাগর এলাকায়ও অনুভূত হয়েছে। সোমবার (৩ আগস্ট) ভোরে এ ভূমিকম্পের ঘটনা ঘটে। এ তথ্য জানিয়েছে জেরুজালেম পোস্ট।
মিশরের জাতীয় জ্যোতির্বিজ্ঞান ও ভূ-ভৌতিক গবেষণা প্রতিষ্ঠান জানিয়েছে, সুয়েজ শহর থেকে প্রায় ৩৮ কিলোমিটার উত্তরে ৫ দশমিক ৬ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হানে।
ভূমিকম্পের পরপরই মিশরীয় রেড ক্রিসেন্ট ক্ষতিগ্রস্ত গভর্নরেটগুলোতে জরুরি সাড়া-প্রদান কার্যক্রম শুরু করে। তবে এখন পর্যন্ত কোনো প্রাণহানি বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
সংস্থাটি বাসিন্দাদের প্রতি আহ্বান জানিয়েছে, যেসব ভবনে কাঠামোগত ক্ষতির আশঙ্কা রয়েছে সেগুলো এড়িয়ে চলতে হবে এবং পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক না হওয়া পর্যন্ত সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নির্দেশনা অনুসরণ করতে হবে।
এদিকে জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সেস (জিএফজেড) জানিয়েছে, ভূমিকম্পটির মাত্রা ছিল ৫ দশমিক ৪ এবং এর উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে।
অন্যদিকে, ইসরায়েলের অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের কাছে পাঠানো সতর্কবার্তায় ভূমিকম্পের মাত্রা ৫ দশমিক ৯ উল্লেখ করা হয়। তবে দেশটির হোম ফ্রন্ট কমান্ড জানিয়েছে, ইসরায়েলে সম্ভাব্য আরেকটি ভূমিকম্পের বিষয়ে কোনো সতর্কতা জারি করা হয়নি। তাদের তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল সিনাই উপদ্বীপ এলাকায়।