
যুক্তরাষ্ট্রকে সহায়তা প্রদানকারী দেশগুলোর প্রতি কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। সংস্থাটি বলেছে, আক্রমণকারী শক্তিকে সহযোগিতা করার যেকোনো প্রচেষ্টার ‘ভয়াবহ পরিণতি’ ভোগ করতে হবে।
বৃহস্পতিবার (৩০ জুলাই) আইআরজিসির এক বিজ্ঞপ্তির বরাতে এ তথ্য জানিয়েছে মিডল ইস্ট আই।
বিজ্ঞপ্তিতে আইআরজিসি জানায়, যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের যেকোনো সামরিক বা কৌশলগত সহায়তার জবাব কঠোরভাবে দেওয়া হবে। পাশাপাশি কৌশলগ তভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালির ওপর নিজেদের পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে বলেও দাবি করেছে সংস্থাটি।
আইআরজিসি বলেছে, “হরমুজ প্রণালি আমাদের ভূখণ্ডের অংশ এবং আইআরজিসি নৌবাহিনীর সদস্যদের এ জলপথের ওপর পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে। হাজার হাজার কিলোমিটার দূর থেকে আসা কোনো বহিরাগত শক্তিকে এখানে হস্তক্ষেপ করতে দেওয়া হবে না।”
বিপ্লবী গার্ড আরও জানায়, আঞ্চলিক নৌ চলাচলে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ, উসকানিমূলক কর্মকাণ্ড ও হুমকি অব্যাহত থাকলে হরমুজ প্রণালিকে উন্মুক্ত রাখার বিষয়ে তাদের অবস্থান পরিবর্তন হতে পারে।
বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন রুট হিসেবে পরিচিত হরমুজ প্রণালি দিয়ে প্রতিদিন বিপুল পরিমাণ অপরিশোধিত তেল ও গ্যাস আন্তর্জাতিক বাজারে পরিবাহিত হয়। ফলে এ প্রণালিকে ঘিরে যেকোনো উত্তেজনা বৈশ্বিক জ্বালানি বাজার ও আন্তর্জাতিক বাণিজ্যে বড় ধরনের প্রভাব ফেলতে পারে।
সাম্প্রতিক আঞ্চলিক উত্তেজনার মধ্যে আইআরজিসির এ বক্তব্য মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি করেছে।