
ইরানের সঙ্গে সম্ভাব্য সামরিক উত্তেজনার মধ্যেই আলোচনার পথ খোলা রয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, তেহরান এখন আগের তুলনায় যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনাকে অনেক বেশি গুরুত্ব দিচ্ছে। একই সঙ্গে ইরানের বিরুদ্ধে বড় ধরনের সামরিক অভিযান চালানোর বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি বলেও জানান তিনি।
স্থানীয় সময় শুক্রবার (২৪ জুলাই) হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প এসব কথা বলেন।
ইরানের বিরুদ্ধে বড় ধরনের সামরিক অভিযান চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে কি না—এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ‘না, এখনো কোনো সিদ্ধান্ত নিইনি।’
তিনি বলেন, ‘আমরা এখন তাদের সঙ্গে আলোচনা করছি। আমার মনে হচ্ছে, দিন যত যাচ্ছে তারা আলোচনাকে আরও গুরুত্বের সঙ্গে নিচ্ছে। এর কারণটা হয়তো সবার কাছেই পরিষ্কার।’
এর আগে একটি বিদেশি গণমাধ্যমের খবরে বলা হয়, ইরানে নতুন করে সামরিক হামলার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করছেন ট্রাম্প। তার দাবি, এমন অভিযান হলে তা ‘অপারেশন এপিক ফিউরি’র চেয়েও বড় পরিসরের হতে পারে।
ওই প্রতিবেদনে ট্রাম্পকে উদ্ধৃত করে বলা হয়, বড় ধরনের সামরিক পদক্ষেপের প্রস্তুতি রয়েছে এবং আগের যেকোনো সময়ের তুলনায় বড় অভিযান পরিচালনার বিষয়টি বিবেচনায় নেওয়া হচ্ছে। তবে এ বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।
অন্যদিকে যুক্তরাষ্ট্রের দুই কর্মকর্তা জানিয়েছেন, ইরানকে লক্ষ্য করে নতুন কোনো সামরিক নির্দেশ এখনো জারি করা হয়নি। পাশাপাশি সম্ভাব্য অভিযানের বিষয়ে প্রেসিডেন্ট ট্রাম্পও কোনো নির্দিষ্ট সময়সীমার কথা জানাননি।