
ইরানকে সামরিক সহায়তা দিলে চীন ও রাশিয়াকে কঠিন পরিণতির মুখোমুখি হতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি দাবি করেছেন, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন—দুজনই তাকে আশ্বস্ত করেছেন, তারা ইরানের কাছে অস্ত্র সরবরাহ করবেন না।
শুক্রবার (২৪ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে এ মন্তব্য করেন ট্রাম্প।
পোস্টে ট্রাম্প জানান, সম্প্রতি বেইজিংয়ে অনুষ্ঠিত বৈঠকে প্রেসিডেন্ট শি জিনপিং তাকে বলেছেন, কোনো পরিস্থিতিতেই চীন ইরানের কাছে অস্ত্র বিক্রি বা সরবরাহ করবে না। এ প্রতিশ্রুতির আওতায় চীনা কোম্পানিগুলোকেও অন্তর্ভুক্ত করা হয়েছে।
ট্রাম্প লেখেন, ‘প্রেসিডেন্ট শি বেইজিংয়ে আমাদের সাম্প্রতিক বৈঠকে আমাকে বলেছেন যে তিনি কোনো অবস্থাতেই ইরানকে অস্ত্র দেবেন বা বিক্রি করবেন না। এই বিবৃতির আওতায় চীনা কোম্পানিগুলোও অন্তর্ভুক্ত রয়েছে। আমাদের সম্পর্কের কথা বিবেচনা করে আমি তার কথায় আস্থা রাখছি। আমিও তাকে অনেক বড় ধরনের সহযোগিতা করছি।’
রাশিয়ার প্রসঙ্গ টেনে মার্কিন প্রেসিডেন্ট বলেন, ইউক্রেন যুদ্ধ চললেও প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও একই ধরনের আশ্বাস দিয়েছেন। ট্রাম্পের ভাষ্য, পুতিন জানেন যে যুক্তরাষ্ট্র সরাসরি ইউক্রেনের কাছে অস্ত্র বিক্রি করে না; বরং ন্যাটোভুক্ত দেশগুলোর কাছে বিক্রি করে এবং তারা পূর্ণ মূল্য পরিশোধ করে। এরপর অস্ত্র কীভাবে বিতরণ করা হয়, সে বিষয়ে তার কোনো ধারণা নেই বলেও উল্লেখ করেন তিনি।
ট্রাম্প আরও বলেন, ‘ইরানের বিষয়ে মানুষ সাধারণত যে দুটি দেশের কথা বলে, আমার বিশ্বাস তারা এ বিষয়ে জড়িত নয়। যদি তারা জড়িত থাকত, তাহলে সেটি তাদের জন্য খুবই খারাপ হতো। নিঃসন্দেহে এটি তাদের নিজেদের স্বার্থেরও পরিপন্থী।’