
যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত নতুন মোড় নেওয়ার মধ্যে ইরানে আবারও সামরিক অভিযান চালানোর আগ্রহ দেখাচ্ছে ইসরায়েলের একটি অংশ। তবে এ ধরনের পদক্ষেপের আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সম্মতির অপেক্ষায় রয়েছে তারা বলে জানিয়েছে ইসরায়েলের সরকারি সম্প্রচারমাধ্যম কান।
নাম প্রকাশ না করে প্রকাশিত ওই প্রতিবেদনে বলা হয়েছে, জেরুজালেমের কর্মকর্তাদের ধারণা, আগামী কয়েক দিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পাল্টাপাল্টি হামলার পরিস্থিতি অব্যাহত থাকতে পারে।
একই ধরনের তথ্য প্রকাশ করেছে দ্য নিউইয়র্ক পোস্ট। পত্রিকাটি জেরুজালেমের একটি সূত্রের বরাতে জানিয়েছে, ভবিষ্যতে প্রয়োজন হলে ইরানে নতুন করে হামলায় অংশ নিতে এবং পূর্ণমাত্রার যুদ্ধ আবার শুরু করতে আগ্রহী ইসরায়েল।
নাম প্রকাশে অনিচ্ছুক ওই সূত্রটি বুধবার যুক্তরাষ্ট্রের ইরানে হামলা শুরুর আগেই বলেছিল, ‘প্রয়োজন হলে আমরা আবারও এটি করতে প্রস্তুত।’
সূত্রটি আরও জানায়, সাধারণ মানুষকে আবার আশ্রয়কেন্দ্রে যেতে বাধ্য করতে চায় না ইসরায়েল। তবে ইরানে যা ঘটছে, সেটিও তারা উপেক্ষা করতে রাজি নয়।
তার ভাষায়, ‘যদি সেটাই আমাদের দিতে হওয়া মূল্য হয়, তাহলে আমরা সেই পরিস্থিতি মেনে নেব।’