
হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী সব বাণিজ্যিক জাহাজকে ইরানের নির্ধারিত সামুদ্রিক রুট মেনে চলার নির্দেশ দিয়েছে দেশটির সামরিক বাহিনী। নির্দেশনা অমান্য করা হলে তার পরিণতি ভোগ করতে হবে বলেও সতর্ক করা হয়েছে।
বৃহস্পতিবার (২ জুলাই) প্রকাশিত এক বিবৃতিতে ইরানের সামরিক সদর দপ্তর জানায়, হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের যেকোনো ধরনের হস্তক্ষেপের জবাব দ্রুত ও কঠোরভাবে দেওয়া হবে।
বিবৃতিতে বলা হয়, হরমুজ প্রণালি কোনো বিদেশি শক্তির নিয়ন্ত্রণাধীন এলাকা নয়; এটি ইসলামী প্রজাতন্ত্র ইরানের সার্বভৌম স্বার্থের সঙ্গে সরাসরি সম্পর্কিত একটি গুরুত্বপূর্ণ নৌপথ।
ইরানের সামরিক বাহিনী আরও জানায়, আন্তর্জাতিক জ্বালানি ও বাণিজ্য পরিবহনের জন্য গুরুত্বপূর্ণ এই প্রণালির নিরাপত্তা ও স্থিতিশীলতা রক্ষা তাদের জন্য একটি কৌশলগত অগ্রাধিকার এবং এ বিষয়ে কোনো ধরনের আপস করা হবে না।
এদিকে দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেছেন, ইরানের জনগণ কিংবা শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে যেকোনো হুমকির জবাবে তেহরান তাৎক্ষণিক ও শক্ত প্রতিক্রিয়া জানাবে।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইসরায়েলকে ইঙ্গিত করে কড়া ভাষায় মন্তব্য করেন। তিনি বলেন, ইরানের বিরুদ্ধে কোনো ধরনের আগ্রাসী পদক্ষেপ নেওয়া হলে তার জবাব দেওয়া হবে।
আরাগচির এই প্রতিক্রিয়া আসে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজের সাম্প্রতিক এক মন্তব্যের পর। ওই মন্তব্যে তিনি ইরানের সর্বোচ্চ নেতাকে সম্ভাব্য লক্ষ্যবস্তু হিসেবে উল্লেখ করেছিলেন।