
সিরিয়ার দক্ষিণাঞ্চলের দারা প্রদেশে নতুন করে গোলাবর্ষণ চালিয়েছে ইসরায়েলি বাহিনী। পশ্চিমাঞ্চলের একটি কৃষিজমিকে লক্ষ্য করে চালানো এ হামলার সময় ওই এলাকার আকাশে একটি ইসরায়েলি নজরদারি ড্রোনও উড়তে দেখা গেছে।
বৃহস্পতিবার (২ জুলাই) ভোরে দারা প্রদেশের পশ্চিমাঞ্চলে এ গোলাবর্ষণের ঘটনা ঘটে। সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সানা-র বিশেষ সামরিক বুলেটিনের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে আনাদোলু এজেন্সি।
প্রতিবেদন অনুযায়ী, ইসরায়েলি সেনাবাহিনীর ছোড়া একটি কামানের গোলা পশ্চিম দারার জামলাহ গ্রামের পার্শ্ববর্তী একটি ফসলি জমিতে আঘাত হানে। হামলার সময় এলাকাটির আকাশে একটি ইসরায়েলি রেকোনাইস্যান্স (নজরদারি) ড্রোন টহল দিচ্ছিল।
এ পর্যন্ত এ ঘটনায় কোনো প্রাণহানি বা উল্লেখযোগ্য সম্পদের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
এর আগে গত রোববারও দারা প্রদেশের পশ্চিমাঞ্চলের আবদিন গ্রামে অভিযান পরিচালনা করে ইসরায়েলি বাহিনী। অভিযানের পর গ্রামটির উপকণ্ঠে গোলাবর্ষণ করা হলে স্থানীয় বাসিন্দারা পাথর নিক্ষেপ করে প্রতিরোধের চেষ্টা করেন। পরে ইসরায়েলি সেনারা সেখান থেকে সরে যায়। ঘটনাটি আন্তর্জাতিক মহলেও সমালোচনার জন্ম দেয়।
২০২৪ সালের ডিসেম্বর মাসে বাশার আল-আসাদ সরকারের পতনের পর থেকে সিরিয়ার বিভিন্ন এলাকায় ইসরায়েলি সামরিক তৎপরতা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। অভিযানের পাশাপাশি তল্লাশি, গ্রেপ্তার এবং সামরিক চেকপোস্ট স্থাপনের মতো কার্যক্রমও বৃদ্ধি পেয়েছে।
সূত্র: আনাদোলু এজেন্সি