
আফগানিস্তানের তালেবান সরকার রাশিয়ার কাছ থেকে আধুনিক আকাশ প্রতিরক্ষা সরঞ্জামসহ সার্বিক সামরিক সহায়তা পাওয়ার আশ্বাস পেয়েছে। একটি নির্ভরযোগ্য সূত্রের বরাত দিয়ে সংবাদমাধ্যম বিবিসি এই তথ্য নিশ্চিত করেছে।
প্রতিবেদন থেকে জানা যায়, তালেবান সরকারের প্রতিরক্ষামন্ত্রী মোল্লা মোহাম্মদ ইয়াকুব মুজাহিদ রাশিয়ার সঙ্গে এই আলোচনা এগিয়ে নেওয়ার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। সূত্রের দাবি অনুযায়ী, এর আগেও প্রতিরক্ষা সহযোগিতা নিয়ে মস্কোর সঙ্গে তালেবান কর্তৃপক্ষের আলোচনা হয়েছিল। তবে সাম্প্রতিক সফরের মাধ্যমে রাশিয়ার পক্ষ থেকে দেওয়া সেই প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নের আনুষ্ঠানিক উদ্যোগ নেওয়া হয়েছে।
এই চুক্তিতে শুধুমাত্র আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা রয়েছে, নাকি ড্রোনসহ অন্যান্য হামলাসংক্রান্ত সামরিক সরঞ্জামও অন্তর্ভুক্ত করা হয়েছে—তা এখনও পুরোপুরি স্পষ্ট নয়। তবে সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার পাশাপাশি স্থল সামরিক সরঞ্জাম সরবরাহ এবং তালেবান বাহিনীকে বিশেষ প্রশিক্ষণ দেওয়ার বিষয়টিও এই চুক্তির আওতাভুক্ত করা হয়েছে।
মস্কোতে অনুষ্ঠিত রাশিয়া ও তালেবান সরকারের প্রতিনিধিদের মধ্যকার একটি বৈঠকে এই সংক্রান্ত নথিতে স্বাক্ষর করা হয়েছে বলে জানা গেছে। চুক্তি স্বাক্ষরের সময় রাশিয়ার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা সের্গেই শোইগু এবং তালেবান সরকারের প্রতিরক্ষামন্ত্রী মোল্লা মোহাম্মদ ইয়াকুব মুজাহিদ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, আফগানিস্তানে তালেবান সরকার ক্ষমতায় আসার পর থেকেই মস্কোর সঙ্গে তাদের দ্বিপাক্ষিক সম্পর্ক ক্রমশ ঘনিষ্ঠ হয়েছে। এরই ধারাবাহিকতায় আফগান সরকারের প্রতিনিধিদল নিয়মিত রাশিয়া সফর করছে।