
তামিলনাড়ু বিধানসভা নির্বাচনের ভোটগণনা শুরু হতেই বড় চমক দেখাচ্ছে অভিনেতা থালাপাতি বিজয়ের নেতৃত্বাধীন দল তামিলাগা ভেত্রি কাঝাগম। সোমবার (৪ মে) সকাল থেকে চলা প্রাথমিক গণনায় রাজ্যের বিভিন্ন আসনে দলটি শক্ত অবস্থান নিয়ে ক্ষমতাসীন দ্রাবিড় মুন্নেত্র কাঝাগমকে চাপে ফেলেছে।
স্থানীয় সময় সকাল ৮টায় পোস্টাল ব্যালট গণনার মাধ্যমে ভোটগণনা শুরু হয়। আধা ঘণ্টা পর ইভিএমের ভোট গণনাও শুরু হলে বিভিন্ন আসনের প্রাথমিক ফলাফলে বিজয়ের দল এগিয়ে থাকার ইঙ্গিত পাওয়া যায়। সর্বশেষ পরিস্থিতিতে বেশ কয়েকটি কেন্দ্রে টিভিকে প্রতিদ্বন্দ্বীদের পেছনে ফেলে সামনে উঠে এসেছে।
নির্বাচনে এবার মূল লড়াই হচ্ছে ক্ষমতাসীন ডিএমকে, বিজেপি সমর্থিত এআইএডিএমকে জোট এবং বিজয়ের টিভিকের মধ্যে। পেরাম্বুর আসনে বিজয় এগিয়ে থাকলেও তিরুচিরাপল্লী ইস্টে তিনি পিছিয়ে রয়েছেন। তবে বিভিন্ন কেন্দ্রে টিভিকের উত্থানে এআইএডিএমকে তৃতীয় অবস্থানে নেমে যাওয়ার চিত্রও দেখা যাচ্ছে।
চলচ্চিত্র অঙ্গন থেকে রাজনীতিতে প্রবেশ তামিলনাড়ু রাজনীতিতে নতুন কিছু নয়। এম জি রামাচন্দ্র ও জয়ললিতার পর আবারও এক অভিনেতাকে ঘিরে রাজনৈতিক আলোচনার কেন্দ্র তৈরি হয়েছে। ভোটের এই ধারা শেষ পর্যন্ত ধরে রাখতে পারলে রাজ্যের রাজনীতিতে বিজয়ের অবস্থান আরও শক্ত হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
নির্বাচন কমিশনের প্ল্যাটফর্মে ধারাবাহিকভাবে ফলাফল হালনাগাদ করা হচ্ছে। তবে এখন পর্যন্ত প্রকাশিত সব তথ্যই প্রাথমিক ট্রেন্ডভিত্তিক। ফলে চূড়ান্ত ফলাফলে পরিবর্তনের সম্ভাবনাও উড়িয়ে দেওয়া হচ্ছে না।