
ভারতের পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনের রায় আজ। সকাল থেকেই শুরু হয়েছে শ্বাসরুদ্ধকর ভোট গণনা। বুথফেরত জরিপের সমীকরণ পাল্টে দিয়ে দক্ষিণ ভারতে যেমন বইছে পরিবর্তনের হাওয়া, তেমনই পূর্ব ভারতের পশ্চিমবঙ্গেও প্রাথমিক ফলাফলে বড় ধরনের ওলটপালট লক্ষ্য করা যাচ্ছে। সর্বশেষ তথ্য অনুযায়ী, তামিলনাড়ুতে এগিয়ে আছে থালাপতি বিজয়ের দল।
তামিলনাড়ুতে থালাপতি বিজয়ের ম্যাজিক
তামিলনাড়ুর রাজনীতির ময়দানে অভিষেক ঘটিয়েই বাজিমাত করেছেন দক্ষিণী সুপারস্টার থালাপতি বিজয়। তার নেতৃত্বাধীন দল তামিলগা ভেট্টি কাজাগাম (টিভিকে) প্রাথমিক ভোট গণনায় অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে চলেছে।
এনডিটিভি-র তথ্য অনুযায়ী, স্থানীয় সময় সোমবার (৪ মে) সকাল ৮টায় গণনা শুরুর পর প্রথম দিকে বর্তমান ক্ষমতাসীন ডিএমকে-এর সাথে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস পাওয়া যায়। তবে বেলা বাড়ার সাথে সাথে দৃশ্যপট পুরোপুরি বদলে যায়।
সকাল সাড়ে ১১টা পর্যন্ত তামিলনাড়ুর চিত্র:
বিজয় থালাপাতির টিভিকে: ১০৪টি আসনে এগিয়ে।
এডিএমকে জোট: ৭৭টি আসনে এগিয়ে (দ্বিতীয় অবস্থানে)।
ক্ষমতাসীন ডিএমকে: মাত্র ৫০টি আসনে এগিয়ে।
অধিকাংশ বুথফেরত জরিপ ডিএমকে-এর প্রত্যাবর্তনের কথা বললেও, জেভিসি এক্সিট পোলসহ কিছু সংস্থার করা এনডিএ ও বিজয়ের দলের ভালো করার পূর্বাভাসই এখন সত্য হতে চলেছে।
পশ্চিমবঙ্গে বড় ব্যবধানে এগিয়ে বিজেপি
পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রাথমিক প্রবণতা এখন পর্যন্ত গেরুয়া শিবিরের অনুকূলে। ভোট গণনার বর্তমান চিত্র অনুযায়ী, ভারতীয় জনতা পার্টি (বিজেপি) ১৭৫টি আসনে লিড নিয়ে সুবিধাজনক অবস্থানে রয়েছে। অন্যদিকে, রাজ্যের বর্তমান শাসক দল তৃণমূল কংগ্রেস পিছিয়ে থেকে ১১৫টি আসনে লড়াই চালাচ্ছে।
আসামে আধিপত্য ধরে রেখেছে বিজেপি
আসামের নির্বাচনেও শক্ত অবস্থান ধরে রেখেছে বিজেপি জোট। সর্বশেষ তথ্য অনুযায়ী:
বিজেপি জোট: ৯৩টি আসনে এগিয়ে।
কংগ্রেস জোট: ২৫টি আসনে এগিয়ে।
৫ রাজ্যে আজ কড়া নিরাপত্তার মধ্য দিয়ে ভোট গণনা চলছে এবং দিন যত গড়াবে, এই ফলাফল আরও স্পষ্ট হবে।
তথ্যসূত্র: এনডিটিভি