
দীর্ঘদিন গোপন থাকা ব্যক্তিগত স্বাস্থ্য তথ্য প্রকাশ করে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানিয়েছেন, তার শরীরে প্রোস্টেট ক্যানসার শনাক্ত হয়েছিল। বার্ষিক স্বাস্থ্য পরীক্ষার সাম্প্রতিক প্রতিবেদন সামনে আসার পর তিনি এ তথ্য জনসমক্ষে আনেন, যা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে আলোচনা শুরু হয়েছে।
শুক্রবার (২৪ এপ্রিল) এক মার্কিন সংবাদমাধ্যমের প্রতিবেদনে এই তথ্য উঠে আসে।
৭৬ বছর বয়সী এই নেতা জানান, প্রায় দুই মাস আগে চিকিৎসা পরীক্ষায় তার শরীরে ক্যানসার ধরা পড়ে। তবে বিষয়টি তিনি তখন প্রকাশ করেননি। তার দাবি, পরিস্থিতির রাজনৈতিক ব্যবহার রোধ করতেই তিনি বিষয়টি গোপন রাখেন, যাতে প্রতিপক্ষ শক্তি বিশেষ করে ইরান এটিকে কেন্দ্র করে প্রচারণা চালাতে না পারে।
চিকিৎসা প্রতিবেদনে উল্লেখ করা হয়, ২০২৪ সালের ডিসেম্বরে প্রোস্টেট সমস্যার কারণে তার অস্ত্রোপচার করা হয়েছিল। পরবর্তীতে নিয়মিত ফলোআপ পরীক্ষায় চিকিৎসকেরা তার প্রোস্টেটে এক সেন্টিমিটারেরও কম আকারের একটি ম্যালিগন্যান্ট টিউমার শনাক্ত করেন।
প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে প্রকাশিত চিকিৎসকদের বিবৃতিতে জানানো হয়েছে, টিউমারটি ছিল প্রাথমিক পর্যায়ের এবং এটি শরীরের অন্য কোনো অংশে ছড়িয়ে পড়েনি। অন্যান্য পরীক্ষাতেও কোনো জটিলতা ধরা পড়েনি বলে উল্লেখ করা হয়।
নেতানিয়াহু জানিয়েছেন, প্রয়োজনীয় চিকিৎসা শেষে টিউমারটি অপসারণ করা হয়েছে এবং বর্তমানে তিনি সুস্থ আছেন বলে চিকিৎসকেরা নিশ্চিত করেছেন।