
যুক্তরাজ্যের ডিজিটাল পরিষেবা করকে কেন্দ্র করে নতুন করে বাণিজ্যিক উত্তেজনার ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি সতর্ক করেছেন, এই কর প্রত্যাহার না করলে ব্রিটেনের ওপর বড় ধরনের শুল্ক আরোপ করতে পারে যুক্তরাষ্ট্র।
ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফ-এ প্রকাশিত এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, যুক্তরাজ্য যদি ডিজিটাল পরিষেবা কর বহাল রাখে, তাহলে ওয়াশিংটন পাল্টা বাণিজ্যিক পদক্ষেপ নিতে পারে।
যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার-এর প্রতি ইঙ্গিত করে ট্রাম্প অভিযোগ করেন, এই করের মাধ্যমে মার্কিন প্রযুক্তি কোম্পানিগুলোকে অন্যায্যভাবে লক্ষ্যবস্তু করা হচ্ছে।
ট্রাম্প বলেন, ‘আমি এটা পছন্দ করি না যখন তারা আমেরিকান কোম্পানিগুলোকে টার্গেট করে। কারণ এগুলো আমাদের মহান আমেরিকান কোম্পানি—আমরা পছন্দ করি বা না করি, এগুলো বিশ্বের শীর্ষ কোম্পানিগুলোর মধ্যে।’
তিনি আরও বলেন, ‘আমরা বিষয়টি দেখছি, এবং খুব সহজেই আমরা এর জবাব দিতে পারি যুক্তরাজ্যের ওপর বড় শুল্ক বসিয়ে। তাই তাদের সাবধান হওয়া উচিত। তারা যদি কর না তুলে দেয়, আমরা সম্ভবত বড় শুল্ক আরোপ করব।’
উল্লেখ্য, ২০২০ সালে যুক্তরাজ্য ২ শতাংশ হারে ডিজিটাল পরিষেবা কর চালু করে। এই করের আওতায় রয়েছে বড় প্রযুক্তি প্রতিষ্ঠান—অ্যাপল, গুগল (অ্যালফাবেট) এবং মেটা।