
বিশ্ববাণিজ্যের অত্যন্ত গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি পুনরায় খুলে যাওয়ার খবরে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং অত্যন্ত সন্তোষ প্রকাশ করেছেন বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, হরমুজ প্রণালি পুরোপুরি উন্মুক্ত হওয়া কিংবা দ্রুত খুলে যাওয়ার প্রক্রিয়ায় চীনা প্রেসিডেন্ট ‘খুবই খুশি’।
একই পোস্টে ট্রাম্প তার আসন্ন চীন সফর নিয়েও আশাবাদ ব্যক্ত করেন। তিনি জানান, বেইজিংয়ে প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে তার সম্ভাব্য বৈঠকটি অত্যন্ত বিশেষ এবং ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে।
ট্রাম্প বলেন, তিনি প্রেসিডেন্ট শি’র সঙ্গে সাক্ষাতের জন্য মুখিয়ে আছেন এবং এই সফর থেকে বড় ধরনের ইতিবাচক ফল আসবে বলে আশা করছেন।
হরমুজ প্রণালি বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন পথ। এ রুট দিয়ে বিপুল পরিমাণ তেল ও গ্যাস পরিবহন হয়, ফলে এ পথ সচল হওয়া বৈশ্বিক অর্থনীতি ও বাণিজ্যের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ।