
বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম নিয়ন্ত্রণে রাখতে রাশিয়ার তেলের ওপর আরোপিত নিষেধাজ্ঞার ক্ষেত্রে আরও এক মাসের জন্য ছাড় দিয়েছে যুক্তরাষ্ট্র।
ইরানের সঙ্গে চলমান উত্তেজনা ও যুদ্ধ পরিস্থিতির প্রভাবে আন্তর্জাতিক বাজারে তেলের দাম স্থিতিশীল রাখতে ওয়াশিংটন এই নমনীয় অবস্থান নিয়েছে বলে জানিয়েছে দ্য গার্ডিয়ান ও রয়টার্স।
যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগের ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত শুক্রবার পর্যন্ত যেসব জাহাজে রুশ তেল ও জ্বালানি পণ্য লোড করা হয়েছে, সেগুলো আগামী ১৬ মে পর্যন্ত কেনাবেচা ও পরিবহন করা যাবে। এর আগে ১১ এপ্রিল শেষ হওয়া ৩০ দিনের ছাড়ের মেয়াদই এখন বাড়ানো হয়েছে।
আগের অবস্থান থেকে পরিবর্তন
মাত্র দুই দিন আগেই মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট জানিয়েছিলেন, রুশ তেল কেনার ক্ষেত্রে আর কোনো ছাড় দেওয়া হবে না। তবে বাজার পরিস্থিতি বিবেচনায় শেষ মুহূর্তে অবস্থান বদল করেছে ট্রাম্প প্রশাসন।
বাজারে সম্ভাব্য প্রভাব
রুশ প্রেসিডেন্টের বিশেষ দূত কিরিল দিমিত্রিভ জানিয়েছেন, এই ছাড়ের ফলে প্রায় ১০ কোটি ব্যারেল রুশ অপরিশোধিত তেল বাজারে প্রবেশ করতে পারে, যা বিশ্বের এক দিনের মোট তেল চাহিদার সমান।
বিশ্লেষকদের মতে, এ সিদ্ধান্ত আন্তর্জাতিক তেলের বাজারে সরবরাহ বাড়িয়ে সাময়িকভাবে দাম নিয়ন্ত্রণে রাখতে সহায়তা করতে পারে, তবে ভূরাজনৈতিক উত্তেজনা পরিস্থিতিকে অনিশ্চিত করে রেখেছে।