
হরমুজ প্রণালি দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচলের অনুমতি দিয়েছে ইরান। তবে এ ক্ষেত্রে জাহাজগুলোকে দুটি শর্ত মেনে চলতে হবে বলে জানিয়েছে ইসলামিক রেভল্যুশনারি গার্ডস কোরের (আইআরজিসি) নৌবাহিনী।
আইআরজিসি নৌবাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, ইরান ও লেবাননে যুদ্ধবিরতি কার্যকরের পর হরমুজ প্রণালি বাণিজ্যিক জাহাজ চলাচলের জন্য উন্মুক্ত করা হয়েছে। তবে কোনো সামরিক জাহাজ এই জলপথ ব্যবহার করতে পারবে না।
হরমুজ প্রণালি দিয়ে নির্বিঘ্নে চলাচলের জন্য বাণিজ্যিক জাহাজগুলোকে নিচের দুটি শর্ত মানতে হবে—
১. প্রণালির পূর্বনির্ধারিত রুট দিয়েই চলাচল করতে হবে।
২. আইআরজিসি নৌবাহিনীর পূর্বানুমতি নিয়ে এই জলপথ ব্যবহার করতে হবে।
গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরাইল যৌথভাবে ইরানে হামলা শুরুর পরপরই বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন পথ হরমুজ প্রণালি বন্ধ করে দেওয়া হয়।
আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্য অনুযায়ী, যুদ্ধ শুরুর পর এই জলপথে অন্তত ১৯টি বেসামরিক জাহাজে হামলা চালানো হয়েছে। এতে বিশ্ববাণিজ্যের ব্যস্ততম এই নৌপথ কার্যত অচল হয়ে পড়ে।
যুক্তরাষ্ট্র যেন জোরপূর্বক এই পথ খুলে দিতে না পারে, সে জন্য ইরান সেখানে নৌ-মাইনও পেতে রাখে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
গত ৭ এপ্রিল যুক্তরাষ্ট্র ও ইরান দুই সপ্তাহের যুদ্ধবিরতিতে সম্মত হওয়ার পর প্রণালি খোলার আলোচনা শুরু হয়। তবে লেবাননে ইসরাইলি হামলা বন্ধ না হওয়ায় তখনই এটি খোলা হয়নি।
শেষ পর্যন্ত বাংলাদেশ সময় বৃহস্পতিবার রাতে ইসরাইল ও লেবানন ১০ দিনের যুদ্ধবিরতিতে সম্মত হওয়ার পর ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বাণিজ্যিক জাহাজ চলাচলের জন্য হরমুজ প্রণালি খুলে দেওয়ার ঘোষণা দেন।
সূত্র: আল-জাজিরা