
লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরাইলি বিমান হামলায় অন্তত ১০ জন নিহত হয়েছেন। হামলায় বেশ কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
শনিবার স্থানীয় সময় পৃথক তিনটি হামলায় এ হতাহতের ঘটনা ঘটে বলে জানিয়েছে লেবাননের জাতীয় সংবাদ সংস্থা।
প্রতিবেদন অনুযায়ী, প্রথম হামলা চালানো হয় নাবতিহ জেলার কাফার সির শহরে। এতে চারজন নিহত হন, যাদের মধ্যে একজন প্যারামেডিক ছিলেন। আহত হয়েছেন আরও চারজন।
একই জেলার জেফতা শহরে দ্বিতীয় হামলায় তিনজন নিহত এবং দুইজন আহত হন। নিহতদের মধ্যে লেবানিজ সিভিল ডিফেন্স-এর একজন সদস্যও রয়েছেন।
তৃতীয় হামলা চালানো হয় তুল শহরে, যেখানে আরও তিনজন নিহত এবং তিনজন আহত হন।
এভাবে ধারাবাহিক হামলায় উদ্ধারকর্মী ও সাধারণ নাগরিকদের হতাহত হওয়ার ঘটনায় এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয় সূত্র বলছে, এতে মানবিক সহায়তা কার্যক্রমও ব্যাহত হচ্ছে।
লেবাননের স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, হতাহতদের উদ্ধার ও চিকিৎসা কার্যক্রম চলছে এবং মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।
সূত্র: আলজাজিরা