
ইরানের শক্তিশালী সামরিক বাহিনী আইআরজিসি-এর ওপর বড় ধরনের আঘাত হানার দাবি করেছে ইসরায়েল। এবার আইআরজিসির অভিজাত শাখা কুদস ফোর্স-এর একটি গোপন ইউনিটের প্রধানকে হত্যার দাবি করেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ।
সোমবার (৬ এপ্রিল) ইসরায়েলি সামরিক বাহিনীর পক্ষ থেকে এ ঘোষণা দেওয়া হয়।
আইডিএফের মুখপাত্র নাদাভ শোশানি এক বিবৃতিতে জানান, একটি বিশেষ অভিযানের মাধ্যমে কুদস ফোর্সের ওই ইউনিট প্রধানকে লক্ষ্যবস্তু করা হয়েছে। নিহত ব্যক্তি বিশ্বের বিভিন্ন অঞ্চলে কুদস ফোর্সের গোপন ও স্পর্শকাতর কার্যক্রম সমন্বয়ের দায়িত্বে ছিলেন। তবে তার নাম বা বিস্তারিত পরিচয় এখনো প্রকাশ করা হয়নি।
এর কয়েক ঘণ্টা আগে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল-এর যৌথ বিমান হামলায় আইআরজিসির গোয়েন্দা প্রধান মেজর জেনারেল সৈয়দ মজিদ খাদেমি নিহত হয়েছেন বলে জানিয়েছে ফার্স নিউজ।
আইআরজিসি এক বিবৃতিতে জানিয়েছে, সোমবার ভোরে তেহরান-এ চালানো এক ‘সন্ত্রাসী হামলায়’ খাদেমি প্রাণ হারান।
কুদস ফোর্সের আন্ডারকাভার ইউনিট প্রধান নিহতের দাবির বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানায়নি ইরান সরকার। তবে ধারাবাহিকভাবে শীর্ষ সামরিক কর্মকর্তাদের মৃত্যুকে বর্তমান যুদ্ধ পরিস্থিতিতে ইরানের জন্য বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে।
গত ২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া এই সংঘাতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল-এর প্রধান লক্ষ্য ইরানের সামরিক ও গোয়েন্দা কাঠামোর নেতৃত্বকে দুর্বল করা। গত এক মাসে ইরানের শীর্ষ পর্যায়ের একাধিক কমান্ডার ও গোয়েন্দা কর্মকর্তার নিহত হওয়ার ঘটনায় মধ্যপ্রাচ্যের পরিস্থিতি আরও জটিল ও উদ্বেগজনক হয়ে উঠছে।
সূত্র: আলজাজিরা, ফার্স নিউজ, রয়টার্স