
ইরানে বিধ্বস্ত মার্কিন যুদ্ধবিমানের নিখোঁজ পাইলটকে উদ্ধারে ব্যর্থ হয়ে তাকে হত্যা করার উদ্দেশ্যে অভিযান চালানোর অভিযোগ উঠেছে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে, যা মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনায় নতুন মাত্রা যোগ করেছে।
ইরানের প্রভাবশালী সংবাদ সংস্থা তাসনিম নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে এক সামরিক সূত্র দাবি করেছে, দুই দিন আগে ইরানের সশস্ত্র বাহিনীর হাতে ভূপাতিত হওয়া ওই যুদ্ধবিমানের ক্রু যেখানে থাকতে পারেন বলে ধারণা করা হচ্ছে, সেসব স্থানে মার্কিন বাহিনী নির্বিচারে বোমা হামলা চালাচ্ছে।
সূত্রটির ভাষ্য অনুযায়ী, নিখোঁজ পাইলটকে জীবিত উদ্ধারের সম্ভাবনা ছেড়ে দিয়ে এখন তাকে হত্যার লক্ষ্যেই অভিযান পরিচালনা করছে ওয়াশিংটন। তাদের ধারণা, সংবেদনশীল তথ্য ফাঁসের ঝুঁকি এড়াতেই যুক্তরাষ্ট্র এমন পদক্ষেপ নিচ্ছে। এই প্রেক্ষাপটে গত রাতে কোহগিলুয়ে ও বয়ের আহমদ প্রদেশের বিভিন্ন এলাকায় মার্কিন যুদ্ধবিমান থেকে বোমাবর্ষণ করা হয়। পেন্টাগনের বিশ্বাস, নিখোঁজ পাইলট ওই অঞ্চলে অবস্থান করছেন।
একই সূত্র আরও জানায়, বিধ্বস্ত বিমানের দ্বিতীয় ক্রু সদস্যকে খুঁজে পেতে মার্কিন বাহিনী মরিয়া হয়ে উঠেছে। তাকে উদ্ধারের পথ না পেয়ে সম্ভাব্য অবস্থানগুলোতে হামলা চালিয়ে তাকে হত্যা করার চেষ্টা চলছে। তবে পাইলট বর্তমানে ইরানি বাহিনীর হাতে আটক কিনা, সে বিষয়ে সরাসরি কিছু জানাতে অস্বীকৃতি জানিয়েছে সূত্রটি।
তিনি বলেন, আমরা এই মুহূর্তে সব তথ্য প্রকাশ করছি না। তবে এটুকু নিশ্চিত যে, আমেরিকা তাদের প্রথম পাইলটকে উদ্ধার করার যে দাবি করেছে, তা পুরোপুরি সত্য নয়। তারা বড় ধরনের সত্য গোপন করছে।
তেহরানের দাবি, বিধ্বস্ত যুদ্ধবিমান ও নিখোঁজ পাইলটদের ঘিরে যে পরিস্থিতি তৈরি হয়েছে, তা শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্রের জন্য একটি বড় আন্তর্জাতিক কেলেঙ্কারিতে রূপ নিতে পারে। এ ঘটনার পর মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে।