
১৯৭১ সালে ‘অপারেশন সার্চলাইট’ চলাকালীন পূর্ব পাকিস্তানে সংঘটিত গণহত্যা ও নৃশংসতার প্রেক্ষাপট তুলে ধরেছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। তিনি বলছেন, পাকিস্তান এখনও সেই ভয়াবহ হত্যাযজ্ঞের দায় স্বীকার করে না, তবে ভারতের অবস্থান স্পষ্ট; বাংলাদেশের ন্যায়বিচারের প্রতি পূর্ণ সমর্থন রয়েছে।
বৃহস্পতিবার (২৬ মার্চ) সাপ্তাহিক নিয়মিত ব্রিফিংয়ে রণধীর জয়সওয়াল বলেন, ‘১৯৭১ সালে অপারেশন সার্চলাইট চলাকালে পাকিস্তান কর্তৃক সংঘটিত ভয়াবহ নৃশংসতা সম্পর্কে আমরা সবাই অবগত। এই গণহত্যায় লক্ষ লক্ষ নিরীহ বাংলাদেশি মানুষকে পরিকল্পিতভাবে লক্ষ্য করে হত্যা করা হয়েছিল এবং নারীদের ওপর ব্যাপক আকারে যৌন অপরাধ সংঘটিত হয়েছিল।’
তিনি আরও উল্লেখ করেন, পাকিস্তানি বাহিনীর ওই বর্বরতার কারণে লাখ লাখ মানুষ জীবন বাঁচাতে সীমান্ত পেরিয়ে ভারতে শরণার্থী হিসেবে আশ্রয় নিতে বাধ্য হয়েছিল। রণধীর জয়সওয়াল বলেন, এই নৃশংসতা বিশ্ববাসীর বিবেককে নাড়িয়ে দিয়েছিল। তিনি আরও শোকপ্রকাশ করে বলেন, ‘কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় হলো, পাকিস্তান আজও তাদের সেই অপরাধের কথা অস্বীকার করে চলেছে।’
ন্যায়বিচারের প্রতি বাংলাদেশের আকাঙ্ক্ষা সম্পর্কে মন্তব্য করতে গিয়ে রণধীর জয়সওয়াল জানান, ‘আমরা ন্যায়বিচারের জন্য বাংলাদেশের আকাঙ্ক্ষাকে সমর্থন করি।’