
মধ্যপ্রাচ্যের উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যেই নতুন করে উদ্বেগ ছড়াল কুয়েতে—ড্রোন হামলায় লক্ষ্যবস্তু হলো কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দর, যেখানে জ্বালানি ট্যাংকে আঘাতের পর ভয়াবহ অগ্নিকাণ্ডের সৃষ্টি হয়েছে।
বুধবার (২৫ মার্চ) সংঘটিত এই হামলার তথ্য নিশ্চিত করেছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্স এবং আল জাজিরা। প্রতিবেদনে বলা হয়, বিমানবন্দরের ভেতরে থাকা একটি জ্বালানি ট্যাংকে ড্রোন আঘাত হানলে মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে।
কুয়েতের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের মুখপাত্র আবদুল্লাহ আল-রাজি দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা কুনা–কে জানান, প্রাথমিক তদন্তে এখন পর্যন্ত কোনো প্রাণহানির তথ্য পাওয়া যায়নি। তবে হামলার কারণে বিমানবন্দরের গুরুত্বপূর্ণ অবকাঠামোতে উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি হয়েছে।
অগ্নিকাণ্ডের পরপরই বিমানবন্দরের আকাশ ঘন কালো ধোঁয়ায় ঢেকে যায়, যা দূর থেকেও স্পষ্টভাবে দেখা গেছে বলে জানানো হয়।
ঘটনার পরপরই পুরো এলাকায় উচ্চ সতর্কতা জারি করা হয়েছে। আল-রাজি জানান, জরুরি প্রটোকল দ্রুত কার্যকর করা হয়েছে এবং ফায়ার সার্ভিসসহ সংশ্লিষ্ট নিরাপত্তা ইউনিটগুলো আগুন নিয়ন্ত্রণে আনতে ও পরিস্থিতি স্বাভাবিক করতে কাজ করছে।
তবে এই হামলার পেছনে কারা জড়িত কিংবা ড্রোনটি কোথা থেকে পরিচালিত হয়েছে—সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো নির্দিষ্ট তথ্য জানাতে পারেনি কর্তৃপক্ষ।