
হরমুজ প্রণালিকে কেন্দ্র করে উত্তেজনার মধ্যে ইরানের সামরিক সক্ষমতা ভেঙে না দেওয়া পর্যন্ত যুক্তরাষ্ট্রের অভিযান চলবে বলে দৃঢ় অবস্থান জানালেন মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট। এনবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই সতর্কবার্তা দেন।
এনবিসির ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানে বেসেন্ট বলেন, ‘হরমুজ প্রণালিতে ইরানের প্রতিরক্ষা ঘাঁটিগুলো দুর্বল করতে সামরিক সক্ষমতা ব্যবহার করে একটি অভিযান শুরু হয়েছে। এসব স্থাপনা পুরোপুরি গুঁড়িয়ে না দেয়া পর্যন্ত এই অভিযান চলবে।’
যুদ্ধ পরিস্থিতি নিয়ে সংবাদমাধ্যমের উপস্থাপনারও সমালোচনা করেন তিনি। বেসেন্টের মতে, মার্কিন কর্মকর্তারা বাস্তবে কী পদক্ষেপ নিচ্ছেন, সে বিষয়ে দেশের জনগণের সামনে সঠিক চিত্র তুলে ধরা হচ্ছে না।
এর আগে একই অনুষ্ঠানে ডেমোক্র্যাটিক সিনেটর ক্রিস মারফি অভিযোগ করেছিলেন, ট্রাম্প প্রশাসন যুদ্ধ পরিস্থিতির নিয়ন্ত্রণ হারিয়েছে এবং বাস্তবতা থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এই মন্তব্যের জবাবে বেসেন্ট বলেন, ‘সিনেটরের এই দাবি ভুল। আমরা ইরানের সক্ষমতা ধ্বংস করে দিয়েছি।’